ছেলে দীপনকে হত্যার পর এবার তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সাবেক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে মোবাইলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার বেলা ১১টায় একটি অপরিচিত নম্বর থেকে এ হুমকি দেয়া হয়।
জাগৃতি প্রকাশনীর কর্ণধার নিহত ফয়সল আরেফিন দীপনের মা বলেন, বুধবার বেলা ১১টায় দীপনের বাবার মোবাইলে অপরিচিত একটি নম্বর থেকে কল আসে। এসময় ছেলের হত্যা নিয়ে তিনি যেন বাড়াবাড়ি না করেন, করলে তার পরিণতি ভালো হবে না বলে তাকে হুমকি দেয়া হয়।
এ বিষয়ে আবুল কাসেম ফজলুল হক বলেন, আমি মুক্তিযুদ্ধসহ বিভিন্ন আন্দোলন-সংগ্রামে জড়িত ছিলাম। কখনো নিরাপত্তাহীনতায় ভুগিনি। তবে এইবার প্রথম নিজেকে নিরাপত্তাহীন মনে হচ্ছে।
উল্লেখ্য, ৩১ অক্টোবর রাজধানীর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনীর নিজ কার্যালয়ে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় দীপনের স্ত্রী ডা. রাজিয়া রহমান শাহবাগ থানায় একটি মামলা করেন। একই দিন লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কর্ণধার আহমেদুর রশীদ টুটুল, লেখক-ব্লগার রণদীপম বসু ও তারেক রহিমকে গুলি করে ও কুপিয়ে আহত করা হয়। এরপর হত্যা ও হামলা উভয় ঘটনার পর দায় স্বীকার করে আনসার আল ইসলাম।
























