চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চকরিয়ায় সড়ক দূর্ঘটনা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের মেধাকচ্ছপিয়া ঢালায় পিকআপভ্যান ও জীপগাড়ির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরো সাতজন। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের সিকদার পাড়ার সাজিদ হোসেন (২৪), কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও এলাকার মোহাম্মদ সোবহান (৬৭) ও চকরিয়ার পৌরসভার হাজী পাড়ার আনোয়ার হোসেন (৭০)। তবে আহতদের নাম ও পরিচয় জানা সম্ভব হয়নি।
নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। আহতদের মধ্যে তিনজনকে মালুমঘাট খ্রিস্টিয়ান মেমোরিয়াল হাসপাতাল, দুইজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চকরিয়া থানার ওসি প্রভাস চন্দ্র ধর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের মৃতদেহ ময়নাতদন্তে জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি আটক করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ