চট্টগ্রামের আমানবাজার থেকে ভারি অস্ত্র ও বোমা তৈরির সরঞ্জামসহ তিন জেএমবি জঙ্গিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। ঘটনাস্থল থেকে ১৯০ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়েছে। আটকৃতরা হলেন- রাসেল (২৫), নয়ন (২৪) ও ফয়সাল (২৬)। নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর-দক্ষিণ) বাবুল আক্তার জানান, হাটহাজারি থানার আমান বাজার এলাকায় হাজী ইছহাক ম্যানসন নামের দুই তলা বাড়ির নিচতলায় শনিবার রাত দেড়টা থেকে রোববার ভোর ৬টা পর্যন্ত অভিযান চালান তারা।
তিনি জানান, দীর্ঘদিন ধরে আমরা জঙ্গির আস্তানাটির ওপর নজর এবং খোঁজ খবর নিচ্ছিলাম। এর আগে নগরীর কর্ণফুলি থানার খোয়াজনগরের একটি বাড়ি থেকে পাঁচ জেএমবি সদস্যকে আটক এবং গোলাবারুদ উদ্ধারের পর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সামরিক কমান্ডারের আস্তানা সম্পর্কে জানতে পারি। এরপর আমাদের অনুসন্ধানে হাটহাজারীর এ আস্তানার সন্ধান পাই। এ আস্তানা থেকে একটি এমকে-১১ স্নাইপার রাইফেল, ১৯০ রাউন্ড গুলি, দুই কেজি জেল এক্সপ্লোসিভ, ১০টি ডেটোনেটর, বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৪টি পোশাক, নেমপ্লেট ও বেইজ র্যাংক এবং বেশ কিছু জেএমবির সাংগঠনিক বই ও নথিপত্র পাওয়া যায়।
অভিযান শেষে ভোর ৫টার দিকে জেএমবির আটক তিন সদস্যকে নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেয়া হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
বাংলাদেশে এমন কোন সরাঞ্জাম আগে উদ্ধার হইনি, যা দিয়ে ৮/১০ তলা ভবন উড়িয়ে দেওয়া সম্ভব।
























