‘ভূয়া’ ফেসবুক আইডি দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের নামে প্রবাসীদের কাছে চাঁদা দাবি করছে সংঘবদ্ধ প্রচারক চক্র বলে অভিযোগ করেছেন বিএনপির এই নেতা। ইতোমধ্যে এ বিষয়টি অবহিত করে কেরানীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন বলেও জানান তিনি। নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘আমার একটা ফেসবুক আইডি আছে, এছাড়া আর কোনো আইডি নেই। আমার নামে ভূয়া ফেসবুক আইডি খুলে একটি সংঘবদ্ধ চক্র আমরা জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে বিদেশে বসবাসকারী বাংলাদেশীদের নিকট চাঁদা চাওয়া হচ্ছে। যার ফলে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, ‘প্রশাসনকে অনুরোধ করব এ সংঘবদ্ধ চক্রটিকে আইনের আওয়তায় নিয়ে আসবেন। এতে আমিসহ অনেক ভূক্তভূগীরা উপকৃত হবেন।’ ‘সরকারও প্রশাসনের পদক্ষেপের অপেক্ষায় আছি, কাজ না হলে পরর্বতিতে আমি আমার বক্তব্য দেব’, যোগ করেন তিনি। গয়েশ্বর মনে করেন, এভাবে তথ্য প্রযুক্তির মাধ্যমে তাকে যে কোনো সময় বিপদে ফেলতে পারে।
এর আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নামে একটি ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছে বলে দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এ বিষয়ে বিএনপি যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী অভিযোগ করেন প্রশাসনকে আমরা জানিয়েছি, কিন্তু বর্তমানে কি অবস্থায় রয়েছে তা আমরা অবগত নই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।
























