গ্রীসের এথেন্সের বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
মহান একুশের প্রথম প্রহরে গ্রীসে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন প্রথমবারের মতো নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর বিভিন্ন রাজনৈতিক দল, বাংলাদেশ কমিউনিটি, বাংলাদেশ-গ্রীস চেম্বার অব কমার্স, আঞ্চলিক, সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। এ সময় দূতাবাস প্রাঙ্গনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশীর সমাগম ঘটে।
দূতাবাস প্রাঙ্গনে একুশে ফেব্রুয়ারিতে দিনভর নানা কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে জাতীয় পতাকা অর্ধনমিত করা এবং শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দূতাবাস প্রাঙ্গনে সকাল থেকে দেশাত্মবোধক সংগীত পরিবেশন ও প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।
দূতাবাসের অনুষ্ঠানসূচীর দ্বিতীয় পর্বে বিকালে রাষ্ট্রপতির ভাষণ, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর প্রেরিত বক্তব্য পাঠ করা হয়। এরপর দিবসটির তাৎপর্য বর্ণনা করে বক্তব্য রাখেন রাষ্ট্রদূত জসীম উদ্দিন।
সন্ধ্যায় দূতাবাস প্রাঙ্গনে স্থানীয় শিশু-কিশোর ও স্থানীয় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। অনুষ্ঠানে একুশের ছড়া, কবিতা, নৃত্য ও সংগীত পরিবেশিত হয়। এছাড়া মহান একুশের ওপর আলোকচিত্র প্রদর্শণীর আয়োজন করা হয়। সেখানে মহান ভাষা আন্দোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভূমিকার ওপর চিত্র প্রদর্শিত হয়।
























