গ্রন্থ, গ্রন্থাগার ও যুবসমাজ

আলী প্রয়াস
আলী প্রয়াস

যুব সমাজ একটি দেশের শক্তি। পুরাতন ঘুনে ধরা সমাজকে নতুন রূপে সৃষ্টি করতে পারে যুবশক্তি। যুবশক্তিকে সঠিকভাবে কাজে লাগালে সমাজের কল্যাণ যেমন সম্ভব তেমনি যথাযথ জ্ঞানের অভাবে নানা ভাবে প্রভাবিত হয়ে সমাজের যতসব অকল্যাণের মূল হয়ে দাঁড়ায় যুবসমাজ। সমাজের কল্যাণ অকল্যাণ, ভালো-মন্দ, ন্যায়-অন্যায় সম্পর্কে জানতে এবং নৈতিক মূল্যবোধকে জাগ্রত করতে হলে নৈতিক শিক্ষা দিতে হবে। গ্রন্থাগার হলো এমন একটি প্রতিষ্ঠান যেখানে মানুষ নৈতিকতা বিষয়ক বিভিন্ন পাঠ্য বই অধ্যয়ন করে নিজের বিবেক জাগ্রত করতে পারে এবং নিজেকে সঠিক পথে পরিচালনা করে নিজের, সমাজের তথা দেশের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখতে পারে। আর এভাবেই গ্রন্থাগার যুবসমাজের অবক্ষয়রোধ করতে সক্ষম। আর এক্ষেত্রে অবশ্যই যুবসমাজকে মূল্যবোধের শিক্ষাই নিতে হবে। যা দিতে পারে বই।

জর্জ লুইস বোর্হেস বলেছেন, স্কুলে শিক্ষালাভের সৌভাগ্য আমার প্রধান নয়। আমার প্রধান সৌভাগ্য ছিল যে, আমি শিক্ষিত হয়েছি আমার পিতার গ্রন্থাগারে। কার্লাইল বলেছেন, বই তো শুধু বড়লোকের জন্য লেখা হয় না, বই সবার জন্য। প্রতিটি মানুষেরই অধিকার আছে অন্যরা কী কথা বলে গেছে তার উদ্দেশ্যে তার জানার। এটাও এক মানবিক অধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা ক্রুরতার শামিল।’

শিক্ষা হলো সার্বজনীন আচরণের কাক্সিক্ষত এবং অপেক্ষাকৃত স্থায়ী পরিবর্তন। আর সেক্ষেত্রে মূল্যবোধ হলো ব্যক্তির সমাজ স্বীকৃত নৈতিকতাপূর্ণ মমতাময়ী আচরণ। সুতরাং শিক্ষা এবং মূল্যবোধ এই দুইটি বিষয় হলো আচরণগত পরিবর্তন। মূল্যবোধ শিক্ষা বলতে আমরা যা বুঝি তা হলো মানব সমাজের কাক্সিক্ষত এবং সৌহার্দপূর্ণ আচরণ আয়ত্ত করা। যা সমাজ জীবনের সাথে খুব নিবিড়ভাবে জড়িত। মূল্যবোধ শিক্ষার্থীদের মাঝে জাগিয়ে তোলার মাধ্যমে সমাজ জীবনের অনেক অস্পষ্ট বিষয়কে জাগিয়ে তোলা সম্ভব। সুতরাং সেই অর্থে মূল্যবোধ শিক্ষা খুবই গুরুত্বের দাবী রাখে। সমাজে সংঘাত, অহেতুক বাড়াবাড়ি, রাজনৈতিক দলাদলি, ক্ষমতার দাবি রাখাসহ আমাদের রাষ্ট্রীয় ও সামাজিক জীবনে যেসব অনাকাক্সিক্ষত বিষয় লক্ষ্য করা যায় একমাত্র মূল্যবোধ শিক্ষার মাধ্যমে সেই সংঘাত এড়িয়ে চলা সম্ভব। বিশ্ব চরাচরে মূল্যবোধ শিক্ষার যে পদ্ধতি বা সিস্টেম তা একেবারে একমুখী এখানে ভিন্নতার কোনো সুযোগ নাই, থাকতেও পারে না। সেই অর্থে মূল্যবোধ শিক্ষাগ্রহণ অত্যাবশ্যক। মানুষে মানুষে সমবেদনা প্রকাশ, সৌহার্দ্যতা, ভালোবাসা এবং আচরণগত সকল দিক আলোকপাত করার ক্ষেত্রে মূল্যবোধ অতি প্রয়োজনীয়। এক্ষেত্রে যুবসম্প্রদায়কে অবশ্যই বইয়ের মুখাপেক্ষী হতে হবে।

bangladesh-2আরেকটা ব্যাপারে যুবসম্প্রদায়কে বই এবং গ্রন্থাগারের কাছে থাকা জরুরি। আর তা হলো জ্ঞান আহরণ। এখন এমন এক সময় চলছে, যেখানে প্রতিযোগিতার বাজারে টেকা বড় দায়। সেক্ষেত্রে যে যত বেশি জ্ঞান ধারণ করতে পারে সে তত বেশি টিকবে। তাই চাকরির ক্ষেত্রে হোক বা অন্য ক্ষেত্রে হোক জ্ঞানের কোনো বিকল্প নেই। যার জ্ঞান যত বেশি সে তত বেশি উঁচুতে আরোহণ করবে।

তাছাড়া নিরক্ষরতা দূরীকরণে যুবসমাজের ভূমিকা অপ্রতুল। কেবল তারাই পারে সমাজের পরতে পরতে শিক্ষাকে ছড়িয়ে দিতে। তৃতীয় বিশ্বের অন্যান্য অনুন্নত দেশের মত বাংলাদেশও আর্থসামাজিক অবস্থা এবং প্রচলিত শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধার সীমাবদ্ধতার কারণে বৃহৎ জনগোষ্ঠী শিক্ষার আলো থেকে বঞ্চিত। ফলে নিরক্ষর জনসংখ্যাই বেশি। আর নিরক্ষরতা জাতীয় উন্নয়নের প্রধান অন্তরায়। নিরক্ষরতা দূর করা না পর্যন্ত আমাদের দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেয়া সম্ভব নয়। কারণ যে দেশ যত বেশি শিক্ষিত সে দেশ তত বেশি উন্নত। সেক্ষেত্রে বাংলাদেশকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতেও যুবসমাজ ভূমিকা রাখতে পারে। আর সেটি পারে সহজ প্রকৃতিতে গ্রন্থাগারের মাধ্যমে জ্ঞানের আলো সবখানে ছড়িয়ে দিতে।

যৌতুক এখন যুবসমাজকে একটি অন্ধকার কোষ্টে বেঁধে রেখেছে। সেখান থেকেও বের করে আনতে পারে শিক্ষা। প্রকৃত শিক্ষা পেলে সমাজ থেকে যৌতুকপ্রথা চিরতরে মুছে যেতে পারে। সেক্ষেত্রেও যুবসমাজ বিশেষ ভূমিকা রাখতে পারে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ