গণবিষ্ফোরণের মাধ্যমে যে কোন সময় এ সরকারের পতন হবে মন্তব্য করে তিনি বলেন, ‘আপনারা আগ্নেয়গিরির উপর বসে আছেন। অতীতের কোন সরকার মানুষের ভোটের অধিকার খর্ব করে টিকে থাকতে পারেনি, আপনারাও পারবেন না।’
আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রচার দল আয়োজিত এক আলোচনা সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন এসব কথা বলেন।
নিজেদের ভুলত্রুটির জন্য জণগনের কাছে ক্ষমা চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় আপনারা (সরকার) পুরোপুরি ব্যর্থ হয়েছেন। তাই নিজেদের ভুলত্রুটির জন্য জণগনের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন।
আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান কারামুক্ত হলেও গুমের আশঙ্কা থেকে মুক্ত নন এমন আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, ‘৭০ টি মামলায় জামিন পাওয়ার পর আবারো দু‘টি পুরাতন মামলায় শ্যোন এ্যারেস্ট দেখিয়ে মাহমুদুর রহমানকে কারাগারে আটকে রাখা হয়েছে। তবে তিনি কারাগার থেকে মুক্ত হলে গুম-খুনের আশঙ্কা থাকছেই।’
ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম আওয়ামী লীগেরই লোক দাবি করে তিনি বলেন, ‘গণমাধ্যমকে সবসময় এ সরকারের প্রশংসা করতে হবে। কেউ এর ব্যাতিক্রম করলেই তার বিরুদ্ধে মানহানি ও রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে। তারই প্রমানস্বরুপ মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে। অথচ তিনি আওয়ামী লীগেরই লোক ছিলেন।’
সরকার গণমাধ্যমের গলা চেপে ধরার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্ট অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল আফসার বাহাদুরের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ-তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।
























