খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বিএনপিতে স্বাধীনতাবিরোধীদের না রাখার আহ্বান জানিয়েছেন ।
বিএনপির নেতৃবৃন্দের উদ্দেশ্যে মন্ত্রী বলেন একাত্তরের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুকে অস্বীকার করে বিরূপ মন্তব্য যদি বিএনপি নেত্রী খালেদা জিয়া বা তারেক জিয়াও করেন তাদের দল থেকে ঝেটিয়ে বিদায় করে দলকে পুনর্গঠন করুন। স্বাধীনতাবিরোধীদের দলে রাখবেন না।রংপুর আঞ্চলিক খাদ্য ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।
‘যারা দেশকে ভালবাসে না তারা সাচ্ছা মুসলমান নয়’ বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, এই নেত্রী পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করছেন। পাকিস্তান যে সুরে কথা বলে বিএনপি নেত্রীও সে সুরে কথা বলেন। মানুষের আর বুঝতে বাকি নেই তিনি কার এজেন্ডা বাস্তবায়ন করছেন। পাকিস্তানের এজেন্ডা এদেশে বাস্তবায়ন করতে দেবে না জনগন। যেকোনো মূল্যে তার রুখে দেওয়া হবে।
খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বদরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, রংপুর সিটি মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টু, রংপুর জেলা পরিষদের প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক ড. এটিএম মাহবুবুল করিম, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান, সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রমুখ।
























