বিএনপির জেলা এবং এর অধীন থানা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন কমিটি গঠন প্রক্রিয়া ফের স্থগিত করেছে দলটি। জাতীয় কাউন্সিলের প্রস্তুতি এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনের ‘কারণে’ এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ সিদ্ধান্ত দিয়েছেন। এ সময় দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও যুগ্ম মহাসচিব মো. শাহজাহান উপস্থিত ছিলেন। ইউপি নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনার একপর্যায়ে খালেদা জিয়া এ নির্দেশ দেন বলে জানিয়েছেন দলের একটি নির্ভরযোগ্য সূত্র। এ বিষয়ে তৃণমূলে বার্তা পৌঁছাতে কয়েকদিনের মধ্যে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে চিঠি দেওয়া হবে।[ad id=”28167″]
এদিকে কাউন্সিলের প্রস্তুতি এবং উপ-কমিটিগুলোর কার্যক্রমে গতি বাড়াতে নির্দেশ দিয়েছেন খালেদা জিয়া। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে তার রাজনৈতিক কার্যালয়ে উপ-কমিটির আহ্বায়কদের সঙ্গে বৈঠক করেন তিনি। দলের দপ্তর ও গুলশান কার্যালয় সূত্র বলেছে, জেলা, থানা ও পৌরসভায় ‘পকেট’ কমিটি হচ্ছে এমন অভিযোগ এসেছে তৃণমূল থেকে। তাছাড়া কয়েকটি জেলা কমিটি গঠন নিয়ে কেন্দ্রে ব্যাপক অসন্তোষ রয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে খালেদা জিয়া আপাতত পুনর্গঠন স্থগিত করেন। কাউন্সিলের পর কেন্দ্রীয় নেতাদের তদারকিতে পুনর্গঠন ফের শুরু হবে।
বিএনপির যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ বলেন, ‘সামনে আমাদের জাতীয় কাউন্সিল হবে। এ মুহূর্তে কাউন্সিলকে ঘিরে ব্যস্ততা বেড়েছে। তাই পুনর্গঠন প্রক্রিয়া এখন কিছুটা ধীরগতিতে চলবে।’
গত ৯ আগস্ট পুনর্গঠনের দায়িত্বপ্রাপ্ত নেতা দলের যুগ্ম মহাসচিব মো. শাহজাহান তৃণমূলে চিঠি দিয়ে দলের সব ইউনিট কমিটি গঠনের নির্দেশ দেন। ডিসেম্বরে পৌরসভা নির্বাচনের কারণে পুনর্গঠন প্রক্রিয়া কিছুদিন স্থগিত ছিল। জানুয়ারিতে সেই প্রক্রিয়া ফের শুরু হলেও ৭ ফেব্র“য়ারি সিলেট জেলা ও মহানগর এবং ৯ ফেব্র“য়ারি ঝিনাইদহ জেলা কমিটি গঠন নিয়ে দলে প্রশ্ন ওঠে। তিনটি কমিটিতে দলের একটি অংশকে কোণঠাসা করা হয়েছে।
১০ ফেব্র“য়ারি বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও ঝিনাইদহ জেলা কমিটি গঠন নিয়ে কয়েকজন নেতা অসন্তোষ প্রকাশ করেন। বৈঠকে জাতীয় কাউন্সিলের আগে পুনর্গঠন প্রক্রিয়া স্থগিত রাখতে পরামর্শ দেন তারা। চলতি মাসে নোয়াখালী, নওগাঁ, বাগেরহাট, কুষ্টিয়াসহ কয়েকটি জেলার সম্মেলন হওয়ার কথা ছিল।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রার্থী চূড়ান্তের দায়িত্ব দেওয়া হলেও কাউন্সিল নিয়ে ব্যস্ততার কারণ দেখিয়ে রিজভী আহমেদ দায়িত্ব পালনে অনীহা জানান। প্রার্থী চূড়ান্তের দায়িত্ব পালন করবেন মো. শাহজাহান।
ইউপির বিষয়ে বিএনপির এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, ইউপি নির্বাচনে দলীয় চেয়ারম্যান পদপ্রার্থী মনোনয়নে স্থানীয় ছয় নেতার যৌথ সুপারিশ লাগবে। তারা হলেন উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। এর বাইরে জাতীয় সংসদ নির্বাচনে যিনি ওই আসন থেকে নির্বাচন করেছিলেন তিনি। এ ছয় ব্যক্তির মধ্যে যে প্রার্থী সংখ্যাগরিষ্ঠের সমর্থন পাবেন, তিনি দলীয় মনোনয়ন পাবেন। তবুও যেখানে কোন্দল বা দ্বন্দ্ব থাকবে, দায়িত্বপ্রাপ্ত নেতা তা নিরসন করে দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।
১০ পৌরসভায় মনোনয়ন পেলেন যারা : দ্বিতীয় ধাপে ১০ পৌরসভায় দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি। দলীয় সূত্র জানায়, রংপুরের হারাগাছায় মো. মোনায়েম হোসেন ফারুক, ঝালকাঠি সদরে বাবু অনাদী দাশ, ফরিদপুরের ভাঙ্গায় ওয়াহিদুজ্জামান, ব্রাহ্মণবাড়িয়া সদরে হাফিজুর রহমান মোল্লা কচি, নোয়াখালীর কবিরহাটে মোস্তাফিজুর রহমান মন্টু, ফেনীর সোনাগাজীতে জামাল উদ্দিন সেন্টু, কক্সবাজারের চকরিয়ায় নূরুল ইসলাম হায়দার। কক্সবাজারের মহেশখালী, ঝিনাইদহ ও কুমিল্লার লাঙ্গলকোটে প্রার্থী গতকাল রাত ৮টা পর্যন্ত চূড়ান্ত হয়নি।
























