ওবায়েদ আকাশ-এর প্রকাশিতব্য কাব্যগ্রন্থ ‘পাতাগুলি আলো’ থেকে ১১টি কবিতা

কবি ওবায়েদ আকাশ
কবি ওবায়েদ আকাশ

শূন্য দখলদারি

এক পা নড়লে করবে ঠিকই গুলি
আমার যে উঁচানো বৃদ্ধাঙ্গুলি
ট্রিগার চেপে মারতে আমায় পারো

তাতানো চাঁদ একাই বসে হাসে
ভাবছ ঠিকই মরছি আমি ত্রাসে
পা তো স্বাধীন, পায়ের ব্যবহারও

এদিক ওদিক তাকাচ্ছ কী ভয়ে
আমি তো খুন হলাম দারুণ জয়ে
পাথরগুলো উড়ছে যেমন তুলা

গড়ানো রোদ নিভছে খরহাওয়ায়
মায়ের বুক তো রঙিন ভেসে যাওয়ায়
সাহস খুলে পরেছ পরচুলা

গাছের ডগায় ঘুমুচ্ছে সব শোক
আমিই তোমার কাক্সিক্ষত পরলোক
বৃক্ষকুলে ঝুলছে তরবারি

চকচকে মুখ প্রতিবিম্ব আঁকা
মুকুরে সব লাগছে ফাঁকা ফাঁকা
তুমিই তো নেই শূন্য দখলদারি
akash-1সৌন্দর্য জিজ্ঞাসায়

সারা মাসের ভুঁড়িটাকে ঘুরিয়ে এনে
একটা চারকোণা চাকরির ওপর বসিয়ে দিলে
একটি স্বাবলম্বী বিষাদের মুখ
পৃথিবীময় সৌন্দর্য জিজ্ঞাসায়
বারবার পরাজিত হয়

একবার এক মিস ইউনিভার্স প্রতিযোগিতার
দাম্ভিক খদ্দের এসে বলল
তিনি যা আগে থেকেই শিরাউপশিরায় মানিয়ে নিয়েছেন
নিবস্ত্র সামুদ্রিক বালুকাবেলায় অপরূপা প্রতিযোগিদের
সম্ভাব্য পরিণতিতে তেমন কিছুই ঘটে উঠবে হয়তো

সারাদিনের যৌনাঙ্গের ভেতর যে বিভ্রান্ত ও অকার্যকর
শুক্রাণুগণ এখন পচাগলা নদী বা যে কোনো আঁস্তাকুড়ে
ভেসে যাবার অপেক্ষায়, তারা কেউ কেউ সাংসারিক
বিশ্বস্ততার দোহাই দিয়ে প্রতিযোগিতার অপ্সরাকুলে
পরিচর্যারত। কেননা অবগাহন মাত্রই সান্ধ্যপল্লীর নিভৃত ছায়ায়
ফুরফুরে তালের শাস্ খেয়ে বাড়ি ফেরা নয়, এই তথ্য
একদা কাঁধে ঝোলানো দীর্ঘশ্বাস থেকে
মাসান্তে পাওয়া চাকরির চেক ঘষতে ঘষতে বলেছিল কেউ

এ-কালের ভূমধ্য গোটানো লেজের ওপর একবার মাত্র
বৃষ্টি হলে পানান্তের উচ্ছ্বাসের মতো বেরিয়ে আসে সব

অনাহারি মায়ের জমানো মুদ্রায় কেনা সর্বোচ্চ জ্ঞান ও
গাঢ় বেদনার দাসত্বের কোট-টাই পরে ঘামছে নগর

সাত সমুদ্র পেরিয়ে শীতার্ত নির্জনতার ঝকঝকে দাঁতে
ঝোলানো বিশ্বময় সাদা হাড় ও নির্লোম মুখের
সৌন্দর্য জিজ্ঞাসায় তোমার অবাধ্য ভ্রমণÑ
একবার কৃষ্ণ সাগরে একবার আরব্য মরূপ্রান্তরে
মুখ থুবড়ে পড়ে যাবার দৃশ্যে ব্যাকুল হয়েছে কেউ কেউ

আশ্চর্য বাতাস

অবশ্য একাই জঙ্গলের আশ্চর্য বাতাস
শরীরে জড়িয়ে ধরে প্রহরে ফিরেছি

যারা ছিল প্রকৃত বিদ্যার্থী, মুখভর্তি
মাকড়সার আঠায় অত্যুজ্জ্বল ভবিষ্যৎ গেঁথে
এতদঞ্চলে রাজত্ব করেই চলেছে-
একদিন এক ঘন বাগানের স্নেহে
তাদের তোয়াক্কাহীন ব্যক্তিগত ভবিষ্যৎ
কল্পনা করেছিলাম

আমার হাতের অনুসৃত প্রশ্নপত্র
গাছে গাছে পাতার আদলে দুলছে-
ডুমুর, বেতস কিংবা পিচফলের অন্ধকার থেকে
কারো কারো বর্ণাঢ্য আগামী উঁকি দিতে দেখে
এসব জিজ্ঞাসারাশি রাত জেগে ঝালিয়ে নিয়েছি-
আর ফের সিদ্ধান্ত নিয়েছি
দুর্নিবার অরণ্য ভ্রমণে বেরিয়ে পড়ার

এবং যা ফল তাতে হলো-
যারা জঙ্গলের বিদ্যা-শিক্ষা, ফলাহার গ্রহণ কুশলে
বহুদূর সুসভ্য হয়েছে
তারা আজ আমাকে চিনতে পারছে না

অন্যত্র চারদিকের বিস্ময় বাতাসে
তাদের ঘুম-নির্ঘুমে কোথাও ব্যত্যয় ঘটছে না

akash-2আরণ্যক

কারণে অকারণে ভুলে যাচ্ছ ঘাসপাতার সফল ওড়াউড়ি
দুদিকে অরহর ক্ষেত মরিচ ক্ষেত ব্যক্তিগত উপস্থিতি নিয়ে
আসন্ন বর্ষার দুর্ভাবনায় জড়িয়ে ফেলেছে সাংসারিক জীবন

প্রতিদিন ধানচালের ছাঁট থেকে ফুঁসে উঠছে শীতের উচ্চাশা
গভীর কুয়োয় জল তুলতে গেলে দড়ি ধরে শীত উঠে আসে
আধুনিকতা বিষয়ক হট্টগোলে যতক্ষণ ঘুমিয়ে ছিলাম
পাশ থেকে পাখপাখালির ওম দারুণ এক সৌরভ ছড়িয়ে
দীর্ঘরাত জেগে ছিল পাশে

কিছু কিছু বৃহৎ জঙ্গলের মালিকানা নিলামে উঠবার আগে
এত যে স্যুটেড-বুটেড প্রতারণা চারদিকে ফুটফাট গুলি ছুড়তে থাকে
বিশ্বাস করো তাতে বিন্দুমাত্র শীত নিবারণের ধারণা থাকে না
কী করে যে এইসব অরণ্য ভঙ্গিমা মানুষমাত্র কামার্ত করে তোলে!

জানি দুর্বিনীত দিনে কারো কারো অবিশ্বস্ত আরণ্যক কটেজ
অভাব্যই হাতছাড়া হয়ে মাছের পিঠে নেচে বেড়াচ্ছে! জানলা খুলে
ঘ্রাণ নিচ্ছে ভবিষ্য শতকের দূর পৃথিবীর রোমাঞ্চিত দিনের

পর্যটক গমনাগমন বিষয়ে যে সকল দুর্দান্ত প্রতিবেদন থেকে
এইসব মনোভঙ্গিমা জাহির করে চলেছ- তাতে সন্ধে নামার আগেই
উপঢৌকন পাবে সাঁঝরাতের বাতি; শর্তসাপেক্ষ রাত্রি যাপনের ওপর
যে প্রকার ঘোড়দৌড় চড়িয়ে দেবে ভাবছ; তাদের পূর্বাপর দীর্ঘশ্বাসের ছবি
অরণ্যের ধূসর কপাটে স্পষ্ট অঙ্কিত আছে; দেখে ফেলবে তাও

ঝরাপাতার প্রতিশ্রুতি ঝরিয়ে চলেছে সকল বিস্মৃতি
ওপাড়ায় ঘুমিয়ে আছে ফোঁটা ফোঁটা রাত্রির দেহে কমলা রঙের শীত

ততোধিক মিলনের বাঁশি

কারো সঙ্গে বনিবনা নেই আজকাল। সিন্দুক খুলতে গেলে
কারা যেন ঘরভর্তি প্রদর্শন করে সাদাকালো ইতিহাসঋদ্ধ
বল্লমের ছবি। তোমার সমূহ বাধা প্রতিবিম্বিত হতেই
খুলে পড়ে গেল দেয়ালের কাঁচ। কাঁচের ওপর বসে ছিল
আমাদের যৌথ বনিবনা, বৃহৎ সংসারে পরস্পর যূথবদ্ধতার 
প্রত্ন পাথরের মুখ। কারা যেন তালি দেয়া হাতে
উন্মাদের মতো কারো গোফ কেটে নিচ্ছে, কারোবা কনিষ্ঠা
আবার কারোবা সালোয়ারের বোতাম, চশমার গ্লাস

তখন নেমেই পড়লাম আর ঘোরালাম রুদ্ধ মার্বেলের চাকা
বললাম, করো, এইবার আসমানের ওপর দিয়ে ট্রাকটর
চালিয়ে দিলেই নক্ষত্রের চাষবাস করে দেশে দেশে
সাফল্য ছড়িয়ে যাবে। বললাম, ওড়ো আর তারকারা
ঝুরঝুর করে মাটিতে গড়িয়ে পড়ে পৃথিবীতে ব্যবধান রচনা করুক

হাতির শুঁড়েই যত মীমাংসা জনে জনে জিজ্ঞাসা ছড়িয়ে গেছে
তবু যখন কালোরা সাদা আর সাদারা বাদামি হতে
চারদিকে পঙ্খিরাজ উড়িয়ে দিয়েছে; আর তুমি তার বনেদি কুহক
এইবার হাত দিয়ে জল সেচে খুঁড়ে তোলো সমুদ্রের হাড়
দেখো যতটা না বিরাগের, তলদেশে ততোধিক মিলনের বাঁশি
তোমার অপেক্ষাহীন সুর তুলে মর্মরিত করেছে গর্জন
akash-3সাদা বাতাসের হাত

এইখানে এক দিশাহীন গন্তব্যের মতো মহত্ত্ব ছড়িয়ে ছিল
একদিন ভাবলাম যাবো, যাকে হারিয়ে ফেলেছি, সমস্ত মহত্ত্ব দিয়ে
তার প্রস্থান পথের দীর্ঘ স্তব্ধতায় নিজেকে উজার করে
বাকিটা জীবন পরিত্যক্ত ঘাসের চাহিদা, গৃহহারা পথিকের
অনিশ্চিত পথচলা থেকে কোনোদিন ফিরব না আর

যাকে পেয়েছিলাম পেয়েছিলাম করে হারিয়ে ফেলেছি
তার গাঁগঞ্জের লোকজন আমার ঘনত্ব নিয়ে যতটা ধারণা রাখে
কিংবা প্রতিদিনের শল্য চিকিৎসকের যতটুকু হৃৎপিণ্ডের ধারণা থাকে
মাত্রই তাদের প্রত্যেকের ব্যবহৃত ঘড়ি ও আসবাবের অবিশ্বাস্য
চিত্রপ্রদর্শন করে জগৎময় সুনাম কুড়িয়ে এনেছি

তাদের মধ্যরাতের গুঞ্জনের ভিতর সুইচ টিপে জ্বালিয়ে দিয়েছি
জ্যোৎস্নার টিউব। অনর্গল পান করে চোখগুলো দাঁতগুলো
খুলে রেখে গভীর অন্দরে প্রবাহিত রক্তের ধারায় ধুয়ে নিতে গিয়ে
বহুদূর দুর্বিনীত পথে একবার মাত্র হেসে উঠতে দেখেছি ঘড়ি

সেই থেকে ঘড়ির কাঁটায় চড়ে বসে টিকটিক টিকটিক করে
বাজিয়ে চলেছি পৃথিবীর পথ; চারদিকে উদ্ভাবিত মুখ হল্লা করে
ঘড়ির ডায়ালে বাড়িয়ে দিয়েছে হাত; চারদিকে সাদা বাতাসের হাত

হাতে হাত ধরবার মতো সম্মানিত রাত
দুই কাঁধে সন্ধে গড়িয়ে গেলেও কখনো তো এপথে আসে না

দুরারোগ্য সাধ

একজন পাঁড় মাতালের রাত; তাকে আমার ত্বকের রঙে
নির্মাণ করেছি বলে, ঐ রাতে কে যেন এসে বুঝে নিয়ে গেল
গতকালের বাজার ফর্দ, কবিতার ঘ্রাণ এবং যা কিছু পেয়েছে

আমি একটু একটু করে রাতটাকে বলি : টাওয়েলের নরম
আশ্বাসের আগে, ফোয়ারার উলঙ্গ স্নানদৃশ্যের আগে
আর যাই করো ওভাবে কি কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে দিতে পারো?

এই যে এখানে এসে হৃৎপিণ্ডের অক্ষরগুলো অনর্গল এলোমেলো
করে পুনর্বার আপেলের মতো সুস্থ হৃৎপিণ্ডের কথক হতে
প্রাণান্ত একবার মরু একবার হ্রদে আছড়ে পড়েছি; তার সমস্ত অর্গান
ঘেঁটে কী এমন নির্বাণের গল্প শুনিয়ে ভোলাতে পারো!

সেই যে যখন ছান্দসিক ছিলাম, ডেকেছিলে বিজ্ঞ নন্দনতাত্ত্বিক বলে
আর পূর্বপুরুষের ইতিহাসবিদের তকমা হঠাৎ চালিয়ে দিয়েছিলে
কুবেরের ধীবর জীবন বলে; তাতে কি আমার পঙ্ক্তিরা বন থেকে
ছিনিয়ে নেয়নি সিংহের হুঙ্কার? অথবা যখন গেরুয়া পরে
শ্রী অবন ঠাকুরের পথে যাত্রা করতেই লালন লালন বলে ময়লা বসন
ছিঁড়ে লোকালয়ে উড়িয়ে ছড়িয়ে দিয়েছিলে, তখন কি
স্বকীয় সঙ্গীতগুলো গাছে গাছে মাতিয়ে তোলেনি পাখিদের স্বর?

জানি আজকাল ফুল ফুটলেও তার সুঘ্রাণের দিকে
তাক করে রাখো বন্দুকের হাসি; এবং অপরিচ্ছন্ন কচুরিপানার দামে
পুষ্পকুলে শোভা বর্ধনের কালে নিজেকে রক্তাক্ত করে
শরীরে জাগিয়ে তোলো দুরারোগ্য ঈর্ষার অসুখ

বাড়িতে আছেটা কী

আবার তোমার জন্য গাছ
ডাল থেকে পাতা খসিয়ে প্রশান্তি খসিয়ে
অন্যের জন্য গোছগাছ রকম একটা কিছু না দেখালে
নাম উঠবে কেন বাড়ির

পাতাবাহার যে আছে, ডেটল নেই
দাম্পত্য নেই, সন্তানের দুঃখিনী বায়নার মতো
যে অবিশ্বাস্য  স্নেহটুকু ঘোড়ার লাগাম ধরে উঠোনে  
ঝুলে থাকবার কথা, আজ অন্তত সেটুকুও
ক্যারিবীয় দস্যুবাহিনী ঘিরে নির্মিতব্য চলচ্চিত্রের ভাষায়
দুর্বোধ্য সংলাপ চালিয়ে যাচ্ছে

আছেটা কী, বাড়িতে এপিটাফ ভেঙে
গর্ত খুঁড়তে খুঁড়তে জল উঠে আসছে
১৯৭৭ সালে মায়ের মৃত্যু সংবাদ, ৯০ সালে
স্বৈরাচারের হাড়ের ভেতর দিয়ে সুঁই ঢুকিয়ে
মালা গেঁথে গবাদিকণ্ঠে ঝুলে যাবার মতো কিছুই তো
বিছিয়ে নিয়ে ঘুমিয়ে পড়ছে না শিশুরা

২০১৩-তে ব্যক্তিগত শল্য চিকিৎসার আগে
মা মা করে যতটা না, সন্তানের ফ্যালফ্যাল চোখের দিকে ততোধিক
তাকিয়ে সেই কবেই না বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল রাস্তায়

এখনো রাস্তার ডাকেই ঘুম সুখ দুর্ভাবনা ইত্যাদি জড়িয়ে
বাড়ির সঙ্গে চিঠিপত্র চালাচালি হচ্ছে

আর বাড়ি একটা শিমগাছের পাতায় প্রতিদিনের
দৈব দুর্যোগ-সম্ভাবনাগুলো ছড়িয়ে দিয়ে
যে কোনো আনুষ্ঠানিকতায় দুচার জন প্রিয় মানুষের
সাক্ষাৎ উপস্থিতির অপেক্ষায় থাকে
akash-4

আমাকে দেখ

জেগে আছে বিপুল সমুদ্রপারে একাকী ফসিল
ভাষা নেই ছুটে গেছে, মেঘের বারতা নিয়ে রঙিন কোকিল

আরো কত হৃত রাজ্য হৃত প্রেম এপারে ওপারে
আষাঢ়ে ঘনায় ক্ষণ উচ্ছ্বসিত নদীদের অবাক দু’ধারে

পলিবিদ্যা ভেসে যায়, হেরে যায় নিষ্কামতা টাপুর টুপুর
বৃষ্টি পড়ে শোনো সখি তুমি আমি সারাদিন একলা দুপুর

অযথাই ঘোরোফেরো, হাত ছেড়ে ঢেউ ধরো কী জানি ভাষায়!
কবে যেন ভেসে ছিলে, আমাকে একেলা ফেলে শরীরী বিভায়?

সেই থেকে ভেবে ভেবে তুমিও ফসিল আজ হাজার বছর
দ্বিধার কঙ্কালগুলো অবিকল জেগে আছো আশাহত ঘাসের ওপর

অথচ আমাকে দেখো- 
কতটা বিশ্বস্ত হলে সমুদ্র-প্রবাল কেটে রামগিরি প্রাসাদ বানাই
বিপুল তরঙ্গ ভেঙে সহস্র বছরে এই কূলে-ওঠা নিজেকে জানাই

পাতাগুলি আলো

পাতাগুলি আলো। ধুলোর পল্বল ছেড়ে
মোহগ্রস্ত জলে সূর্য নেমে এলো
সূর্যের পাতাগুলি আলো

কিছু নেই কিছু নেই
আমাদের ব্যবহৃত বৈঠা খুব ভাল
ঐ তো সমুদ্র তলে
গোটানো মিত্রেরা পাতা মেলে দিল

পাতাগুলি আলো আজ
ঢেউগুলি অন্ধকারে পাতা
বাগানে সমুদ্র ভেসে গেল
এলোমেলো জন্মাল
কত কী সৌন্দর্যের মাথা

চিক্বণ শরীরে আঁকা
পরজীবী পত্ররূপকথা
তারপরে আলেখ্য প্রবল

এবার সামলাও ভেবে-

একক সূর্যের কেন
চারদিকে গজিয়েছে
রাশি রাশি অর্বাচীন পাতা?

শিশুপুত্রের অভিলাষ

টেবিল থেকে লাফিয়ে নামছে কবিতার খাতা

আমার শিশুপুত্র কবি হতে চেয়ে বায়না ধরেছে এবছর

খাতাটি লাফিয়ে নামছে মাটিতে আর
ছেলেটি তার নিচ দিয়ে অনায়াসে ঢুকতে পেরে
এক অসামান্য খেলায় মেতে উঠেছে

পড়ে যাওয়া খাতার শরীরে হাত দিয়ে দেখি
তপ্ত জ্বরে পুড়ে যাচ্ছে গা
ছেলেটি মা মা করে কাঁদছে
আর বাবার সংগ্রহ থেকে
একটি একটি ঘুমের পিল বিরামহীন খাইয়ে চলেছেন মা

এবং ভোর হতে না হতেই স্নানঘরে ঢুকে
প্রতিটি কবিতার গায়ে অঝর ধারায় জল ঢেলে দিচ্ছে

পঙ্ক্তিগুলো আরো জল আরো জল বলে
শরীর থেকে সমস্ত বসন খুলে
নিজেদের গা ছেড়ে দিল অমৃত ধারায়

এই এক শিশুপুত্র প্রতিদিন একটি-দুটি শব্দ
সারারাত জলে ভিজিয়ে রেখে ভোর বেলা
বাবার হাতে তুলে দিয়ে ভীষণ তৃপ্ত হচ্ছে আজকাল

আমার ঘরভর্তি জ্বরতপ্ত খাতা আর শিশুপুত্রের
ভেজা কোমল শব্দগুলোর ভেতর একপ্রকার
যোগসূত্র নির্ণয় করতে চেয়েছি

বিপরীতে আজকাল তারা আমার নিঝুম উঠোনের
শরীরের উত্তাপ নিয়ে গবেষণাগার ভারি করে তুলছে-

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ