রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছয়টি স্বর্ণের বার আটক করেছে ঢাকা কাস্টমস হাউসের একটি দল।
গতকাল বৃহস্পতিবার রাতে মালিন্দো এয়ারলাইন্সের একটি ফ্লাইটের দুই যাত্রীর কাছ থেকে স্বর্ণের বারগুলো আটক করা হয়। আজ শুক্রবার কাস্টমস হাউসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ঢাকা কাস্টমস হাউস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দিবাগত রাতের ওই ফ্লাইটের যাত্রীদের ওপর নজরদারি রাখা হয়। এ সময় মালয়েশিয়া থেকে আসা যাত্রী ফজর আলী ও কামাল হোসেনের ব্যাগ স্ক্যান করা হয়। পরে গ্রিন চ্যানেল অতিক্রম করার সময় তাঁদের দেহ তল্লাশি করা হয়। কিন্তু কোনো স্বর্ণ না পাওয়ায় পরবর্তী সময়ে তাঁদের বিমানবন্দরের আর্চওয়েতে হাঁটানো হয়।
এ সময় তাঁদের কাছে মেটাল পদার্থ থাকার সংকেত পাওয়া যায়। পরে তাঁদের দুজনকে বিমানবন্দরের টয়লেটে নিয়ে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার মূল্য প্রায় ৩০ লাখ টাকা। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
























