তাঁর হাত ধরেই বাংলা সিনেমার মূলস্রোতে জোয়ার এসেছিল ৷ তিনিই দেখিয়েছেন স্বপ্ন নয়া জেনারেশনের রোমান্সের ভাষা আয়ত্ত করে ৷ দেখতে দেখতে পেরিয়ে গিয়েছে দশটা বছর৷ কিন্তু মনে হচ্ছে এইতো সেই দিনের কথা । বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে একটা দশক কাটিয়ে ফেললেন দেব৷
শুরু করেছিলেন ২০০৬ সালে ‘অগ্নিশপথ’ ছবিতে৷ আনকোরা নতুন মুখ৷ ছবিও তেমন সফল হয়নি৷তবে প্রতিশ্রুতি ছিল৷ যত সময় পেরিয়েছে, সেই প্রতিশ্রুতিই বাস্তব হয়ে উঠেছে৷ ‘প্রেমের কাহিনি’ থেকে যে সাফল্যের শুরু, ‘চ্যালেঞ্জ’, ‘দুই পৃথিবী’, ‘পাগলু’ হয়ে একের পর এক ‘লে ছক্কা’ হাঁকিয়েছেন৷ তথাকথিত বাংলা মেইনস্ট্রিম ছবির সাফল্যের বড় বাজি হয়ে উঠেছেন তিনিই৷ আর তাই তাঁর উপরেই বাংলা ছবিতে এযাবৎ সবথেকে বেশি লগ্নিও করা হয়েছে৷
যেমন মেইনস্ট্রিম ছবির নায়ক, তেমনই অন্যরকমের ছবিতেও নিজেকে প্রমাণ করেছেন৷ কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’, অনিরুদ্ধ রায়চৌধুরীর ‘বুনোহাঁস’ হোক বা অপর্ণা সেনের ‘আরশিনগর’- অভিনেতা হিসেবে নিজেকে ভেঙে নতুন করে গড়ার প্রয়াসে দেব৷
এরমধ্যে খুলেছেন নিজের প্রোডাকশন হাউস৷ বাবাকে উপহার দিয়েছেন রেস্তরাঁ৷ পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের ‘মহানায়ক সম্মান’৷ জীবনের এই দশটি বছরকে স্বপ্নপূরণের দশক বলেছেন বাংলা ছবির সুপারস্টার৷ জানিয়েছেন, এই এক দশকে পেসাটাই ভালোবাসা হয়ে গিয়েছে৷ অনেক কিছু হারিয়েছেন জীবনে৷ বিনিময়ে পেয়েছেন আরও অনেক বেশি কিছু৷ আর সবসময় পাশে থাকার জন্য তাঁর ফ্যানদের ধন্যবাদ জানিয়েছেন তিনি৷ ফ্যানদের ভালবাসা ছাড়া এ দশটি বছর যে স্রেফ সংখ্যামাত্র সে কথা জানাতে দ্বিধা করেননি দেব৷






















