উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ধ্বংসের নির্দেশ দিয়েছে টোকিও

উত্তর কোরিয়ার যেকোনো ক্ষেপণাস্ত্র জাপানের নিরাপত্তা বিঘ্নিত করতে পারে বলে মনে হলেই তা ধ্বংস করে দেয়ার নির্দেশ দিয়েছে টোকিও। উত্তর কোরিয়ার পক্ষ থেকে শিগগিরই দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হতে পারে বলে যে খবর বেরিয়েছে তার পরিপ্রেক্ষিতে নিজের সেনাবাহিনীকে এ নির্দেশ দিয়ে রেখেছে জাপান সরকার।

 

জাপানের প্রতিরক্ষামন্ত্রী গেন নাকাতানি এ নির্দেশ দিয়েছেন বলে আজ (শুক্রবার) দেশটির কয়েকটি বার্তা সংস্থা জানিয়েছে। নাকাতানি জাপান সাগরে মোতায়েন দেশটির ‘ইজিস’ শ্রেণির ডেস্ট্রয়ারগুলোকে এ নির্দেশ দিয়েছেন যে, উত্তর কোরিয়া থেকে জাপান অভিমুখী যেকোনো ক্ষেপণাস্ত্র ধ্বংস করে ফেলতে হবে।

 

চলতি মাসের গোড়ার দিকে উত্তর কোরিয়া চতুর্থ পরমাণু অস্ত্রের পরীক্ষা চালানোর পর টোকিও-পিয়ংইয়ং সম্পর্কে উত্তেজনা বেড়ে যায়। উত্তর কোরিয়া ওই অস্ত্রকে হাইড্রোজেন বোমা বলে দাবি করেছে।

 

গতকাল (বৃহস্পতিবার) নাম প্রকাশে অনিচ্ছুক জাপানের সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে দেশটির কিয়োদো সংবাদ সংস্থা জানায়, উত্তর কোরিয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের প্রস্তুতি নিচ্ছে। খবরে বলা হয়, উপগ্রহ থেকে নেয়া উত্তর কোরিয়ার পশ্চিম উপকূলের তোংচাং-রি ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের ছবি বিশ্লেষণ করে এমন ধারণা করা হয়েছে। টোকিরও সরকারি সূত্র মনে করছে, আগামী সপ্তাহের আগে হয়ত এ পরীক্ষা চালানো যাবে না।

 

জাপানের পররাষ্ট্রমন্ত্রী ফুমিও কিশিদা বিষয়টি নিয়ে টেলিফোনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সঙ্গে কথা বলেছেন। দুই পররাষ্ট্রমন্ত্রী এ ব্যাপারে সহযোগিতার ধরণ নিয়েও আলোচনা করেছেন বলে সাংবাদিকদের জানিয়েছেন কিশিদা। তিনি বলেছেন, উত্তর কোরিয়ার পক্ষ থেকে আবারো উসকানিমূলক কোনো কর্মকাণ্ড করা হবে না- এমন নিশ্চয়তা আমরা দিতে পারছি না।

 

এর আগে পিয়ংইয়ং ২০১২ সালের শেষের দিকে দূরপাল্লার রকেট লাঞ্চার দিয়ে কক্ষপথে একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করেছিল। দেশটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় ওই রকেটের পরীক্ষা চালিয়েছে বলে পাশ্চাত্যের পক্ষ থেকে সমালোচনা করা হয়। তবে উত্তর কোরিয়া তা প্রত্যাখ্যান করে জানিয়েছে, সম্পূর্ণ বৈজ্ঞানিক কর্মকাণ্ড চালাতে এ পরীক্ষা চালানো হয়েছে।

 

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ