আফগান তালেবান প্রধান ‘নিহত’

মার্কিন বিমান হামলায় আফগান তালেবান নেতা মোল্লা আখতার মানসুর সম্ভবত নিহত হয়েছেন। মার্কিন কর্মকর্তারা এমনটাই বলছেন। আজ রোববার বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি অনলাইন জানিয়েছে, মোল্লা আক্তার মনসুর তাঁর এক সহযোগীসহ আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি এলাকা দিয়ে গাড়িতে করে যাওয়ার সময় এ হামলার শিকার হন তাঁরা।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানিয়েছে, তালেবানপ্রধানের গাড়ি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। তবে হামলার ফলাফল এখনো নিশ্চিত নন তাঁরা। গতকাল শনিবার বাংলাদেশ সময় বিকেল ৪টার দিকে আহমাদ ওয়াল শহরের কাছে এ হামলা চালানো হয়। আর এই হামলার অনুমোদন দিয়েছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। পাকিস্তান ও আফগানিস্তান দুই দেশের সরকারই হামলার পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল।

পেন্টাগনের মুখপাত্র পিটার কুক বলেন, ‘আমরা এখনো হামলার ফলাফল পর্যালোচনা করছি। এ ব্যাপারে আরও তথ্য পাওয়া গেলে তা জানানো হবে।’
তবে নাম প্রকাশে অনিচ্ছুক একজন তালেবান কমান্ডার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘এ ধরনের ভিত্তিহীন একটি কথা আমরাও শুনেছি। তবে এটা নতুন নয়। আগেও এ ধরনের গুজব ছড়ানো হয়েছে। তবে আমি আপনাকে সত্যিটা জানাই, মোল্লা মনসুর মারা যাননি।’

তালেবান নেতাদের মৃত্যুর বিষয়ে এ ধরনের গুজব আগেও বহুবার ছড়ানো হয়েছে বলে জানান এই কমান্ডার।

২০১৩ সালে নিহত হন তালেবানের আধ্যাত্মিক গুরু এবং প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমর। তবে এর দুই বছর পর বিষয়টি নিশ্চিত করে সংগঠনটি। তাঁর স্থলাভিষিক্ত হয়ে ২০১৫ সালের জুলাই মাসে তালেবানের নেতৃত্ব গ্রহণ করেন আক্তার মনসুর।

মার্কিন কর্মকর্তারা বলছেন, বিমান হামলার সময় মোল্লা মানসুর ও তাঁর সহযোদ্ধা আফগান সীমান্তবর্তী পাকিস্তানের একটি প্রত্যন্ত এলাকায় গাড়িতে অবস্থান করছিলেন।মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, হামলার বিষয়ে পাকিস্তান ও আফগানিস্তানকে অবহিত করা হয়েছে। তবে হামলার আগে নাকি পরে অবহিত করা হয়েছে, তা স্পষ্ট করেননি ওই মুখপাত্র।তবে মোল্লা মানসুরের নিহত হওয়া নিয়ে এর আগেও খবর বেরিয়েছিল। তখন তালেবানের পক্ষ থেকে ওই খবর নাকচ করা হয়।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ