ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ব্রাজিলের মিডফিল্ডার ফের্নান্দোর আত্মঘাতী গোলে জয় পায় রিয়াল।
আগামী ২৮ মে মিলানের সান সিরোয় অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবেন রোনালদো-বেলরা। এদিকে সিটির হাতে ফাইনালে উঠার বড় সুযোগ ছিল। কোনভাবে ড্র করতে পারলে হত।কিন্তু খেলা শুরুর ২০ মিনিট পরই মিডফিল্ডার ফের্নান্দোর আত্মঘাতী গোলে তা আর হয়ে উঠেনি। এরপর প্রথমার্ধে গোলের দেখা পায়নি আর কোনো দলই।
এর আগে ম্যাচের শুরুতেই বড় এক ধাক্কা খায় সিটি। দশম মিনিটে শট নিতে গিয়ে পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় অধিনায়ক ও ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানিকে। বিরতির পর ৫৪তম মিনিটে ব্যবধান বাড়ানোর সহজ সুযোগ নষ্ট করেন লুকা মদ্রিচ। বেলের লম্বা বাড়ানো বল পা উঁচিয়ে দিয়ে দারুণভাবে নিয়ন্ত্রণে নিলেও ঠিকমতো শট নিতে পারেননি ক্রোয়েশিয়ার এই মিডফিল্ডার। কর্নারের বিনিময়ে তা রক্ষা করেন গোলরক্ষক হার্ট।
ঠিক পরের মিনিটেই সুযোগ পেয়েছিলেন রোনালদো; কিন্তু কারবাহালের ক্রসে নেওয়া তার হেড ধরে ফেলেন জো হার্ট। ৫৮তম মিনিটে ইসকোর বাড়ানো পাসে রোনালদোর জোরালো শটও ঠেকান ইংলিশ এই গোলরক্ষক। ৬৫তম মিনিটে টনি ক্রুসের কর্নারে দারুণ হেডে বেল ঠিকই ফাঁকি দিয়েছিলেন হার্টকে। তবে ক্রসবারে বল লাগায় বেঁচে যায় সিটি।৬৯তম মিনিটে মিডফিল্ডার হেসুস নাভাসকে বসিয়ে নাইজেরিয়ার ফরোয়ার্ড কেলেচি ইলেহেনাচোকে নামান পেল্লেগ্রিনি। সঙ্গে আগে থেকেই ছিলেন সার্জিও আগুয়েরো, কিন্তু শুরু থেকেই অনুজ্জ্বল আর্জেন্টিনার এই স্ট্রাইকার শেষ দিকেও জ্বলে উঠতে পারেননি।ফলে ২০১৩-১৪ মৌসুমের পর আবারও ‘অল স্প্যানিশ’ ফাইনাল দেখার সুযোগ পেলেন ফুটবলপ্রেমীরা।
























