আগামীকাল বৃহস্পতিবার বগুড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রায় সাত বছর পর আগামীকাল বৃহস্পতিবার বগুড়া আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বগুড়া সেনানিবাসে কর্মসূচি শেষে বিকালে শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তার  ভাষণ দেয়ার কথা রয়েছে। দীর্ঘদিন পর বগুড়ায় প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে উজ্জীবিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে প্রধানমন্ত্রীর সফরের সব প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে বগুড়ায় এখন সাজসাজ রব। আওয়ামী লীগ ও অন্যান্য অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইতোমধ্যেই জেলা আওয়ামী লীগ জনসভা সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। এ ছাড়া অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোতে চলছে প্রস্তুতি। জনসভাস্থল, জিরো পয়েন্ট সাতমাথাসহ প্রধানমন্ত্রীর যাতায়াত পথে অসংখ্য তোরণ, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে।

আওয়ামী লীগ নেতারা জানান, বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবিগুলো এবার প্রধানমন্ত্রীর কাছে সরাসরি তুলে ধরা হবে। বিশেষ করে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীতকরণ, একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, একটি আন্তর্জাতিকমানের ফুটবল স্টেডিয়াম নির্মাণ, বগুড়া থেকে যমুনা সেতু পর্যন্ত রেল লাইন নির্মাণ এবং বগুড়া সিটি বালিকা বিদ্যালয় ও করোনেশন ইনস্টিটিউশনকে জাতীয়করণের দাবি জানানো হবে।

দলীয় এবং স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, সফরকালে আনুমানিক এক হাজার কোটি টাকা ব্যয় সাপেক্ষে ৫০টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন প্রধানমন্ত্রী।  ওইদিন জনসভাস্থলে স্থাপিত ডিজিটাল ইলেক্ট্রনিক বোর্ডের মাধ্যমে যে প্রকল্পগুলোর উদ্বোধন এবং ভিত্তি স্থাপন করবেন সেগুলো হলো- নবনির্মিত ১০ তলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবন, আঞ্চলিক পাসপোর্ট অফিস, গাবতলী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বগুড়া মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র, শিবগঞ্জ, বগুড়া, কুন্দরহাট হাইওয়ে পুলিশ আউটপোস্ট, নন্দীগ্রাম, শিবগঞ্জের আলিয়ারহাটে অবস্থিত বগুড়া এতিম ও প্রতিবন্ধী ছেলেমেয়েদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, বগুড়া কাহালু, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর নির্মাণ কাজ; নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর নির্মাণ কাজ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ কাজ, শেরপুর রানীরহাট জিসি ভায়া পেঁচুলহাট কচুয়াবাড়ী রাস্তা উন্নয়ন, কাহালু ও নন্দীগ্রাম উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন নির্মাণ, ডুমকান্দি বেতেরকান্দি রাস্তায় মুখসহ খালের উপর ৬০মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ, সারিয়াকান্দি উপজেলাধীন কর্নিবাড়ী-কুতুবপুর-রহদহ-কামালপুর এলাকায় যমুনা নদীর ডানতীরে বিআরই বিকল্প বাঁধ নির্মাণ কাজ; অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ কাজ, স্কিল্স ডেভেলপমেন্ট প্রজেক্ট, শেরপুর, বগুড়া স্কিলস ডেভেলপমেন্ট প্রজেক্ট, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট, বগুড়া সদর; মোকামতলা (বগুড়া-রংপুর জাতীয় মহাসড়ক)-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, লিচুতলা-কদমতলী এবং নাংলু বালিয়াদীঘি সংযোগ সড়কসহ ধুনট-নাংলু-বাগবাড়ী-কদমতলী-গাবতলী-চৌকিরহাট সড়ক উন্নয়ন প্রকল্প, সারিয়াকান্দি উপজেলা মত্স্যভবন কাম ট্রেনিং সেন্টার, উপজেলা কৃষি অফিসারের কার্যালয় ও প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ প্রকল্প, বগুড়া হাউজিং এস্টেটে আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্প; সারিয়াকান্দিতে নির্মিতব্য ৩৩/১১ কেভি ৫টি মোট ৫০ এমপিএ বৈদ্যুতিক উপকেন্দ্র ও সংশ্লিষ্ট উপকেন্দ্রের ৩৩ কেভি সোর্স লাইনের প্রকল্প উদ্বোধন।

এছাড়া কাহালু ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, নন্দীগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ, ফুলবাড়ী -কুতুবপুর -কুতুবপুর জিসি রাস্তায় বাঙালি নদীর উপর ৩১৫ মি: আরসিসি গার্ডার ব্রিজ, সারিয়াকান্দি, গোসাইবাড়ী-সোনাহাটা জিসি রাস্তায় ইছামতি নদীর উপর ৭৫ মি: আরসিসি গার্ডার ব্রীজ, পন্ডিতপুকুর -কালিগঞ্জ জিসি ভায়া মারিয়া- মনিনাগ রাস্তা উন্নয়ন, সারিয়াকান্দি ও সোনাতলা উপজেলার ৩৩ কি. মি. রাস্তা (২০টি রাস্তা) উন্নয়ন (বিশেষ প্রকল্প), আরডিএ খামার এন্ড ল্যাবঃ প্রকল্পের আওতায় আরডিএ ল্যাবঃ স্কুল অ্যান্ড কলেজের ১০তলা একাডেমিক ভবন নির্মাণ, সারিয়াকান্দি উপজেলাধীন কর্নিবাড়ী হতে চন্দনবাইশা পর্যন্ত যমুনা নদীর ডানতীর সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ, অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ, অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীর সংরক্ষণ কাজসহ বিকল্প বাঁধ নির্মাণ অন্তরপাড়া, দড়িপাড়া এবং পার্শ্ববর্তী এলাকায় যমুনা নদীর ডান তীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সংরক্ষণ, সারিয়াকান্দি উপজেলাধীন কুর্নিবাড়ী-কুতুবপুর-রহদহ-কামালপুর এলাকায় যমুনা নদীর ডান তীরে বিআরই বিকল্প বাঁধ নির্মাণ কাজ, মোকামতলা (বগুড়া-রংপুর জাতীয় মহাসড়ক)-সোনাতলা-হরিখালী-হাটশেরপুর-সারিয়াকান্দি সড়ক উন্নয়ন প্রকল্প, সরকারি আজিজুল হক কলেজের স্যানিটারি, পানি সরবরাহ ও বৈদ্যুতিকসহ ৫তলা ভিত বিশিষ্ট ৪ তলা ১০০ শয্যার ছাত্রী হোস্টেল ভবন নির্মাণ, সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক শাখায় পানি সরবরাহ ও বৈদ্যুতিকরণ সহ ৫ তলা ভিত বিশিষ্ট ২ তলা একাডেমিক ভবন নির্মাণ, তথ্য প্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বে-সরকারি কলেজ সমূহের উন্নয়ন, হাবিবপুর স্কুল এন্ড কলেজ, শিবগঞ্জ, তথ্য প্রযুক্তির শিক্ষায় মানোন্নয়নের লক্ষ্যে বগুড়া মহিলা কলেজ এর একাডেমিক ভবন নির্মাণের উদ্বোধন করবেন।

বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মজিবর রহমান মজনু জানান, প্রধানমন্ত্রীর বগুড়া আগমন উপলক্ষে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সব প্রস্তুতি নেয়া হয়েছে। দীর্ঘদিন পর দলীয় নেত্রীকে কাছে পেতে দলীয় নেতাকর্মী উদগ্রীব হয়ে আছে। এছাড়া প্রধান মন্ত্রীর সফরকে ঘিরে দলের সাংগঠনিক তত্পরতা নিবিড় ভাবে তদারকি করছেন দলের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক ( রাজশাহী ) আবু সাঈদ মাহমুদ আল স্বপন বলেও জানা গেছে ।

প্রসঙ্গত, সর্বশেষ ২০০৮ সালের ২৯ ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনের আগে একই মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়েছিলেন শেখ হাসিনা। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের জেলা বগুড়াকে আওয়ামী লীগ এখন তাদের শক্ত ঘাঁটি বানাতে চায়। এজন্য বগুড়ায় ব্যাপক উন্নয়ন কার্যক্রম হাতে নিয়েছে আওয়ামী লীগ সরকার।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ