দলের সেক্রেটারির চেয়ে বেশি আওয়ামী লীগ প্রেমী হওয়া কোন ভাবেই সম্ভব নয়, সভাপতি শেখ হাসিনার পরে, দলের দ্বিতীয় সর্বোচ্চ ব্যাক্তি তিনি। বঙ্গবন্ধুর দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। সেই দলের সাধারণ সম্পাদক যখন কোন বক্তব্য দিবেন যেনে বুঝেই দিবেন। আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জলিলের এক ট্রাম্প কার্ডের জন্য আওয়ামী লীগকে ২০০১ সালে দায় মিটাতে হয়েছিল। সম্পাদক মণ্ডলীর সদস্যদের সামনেই ওবায়দুল কাদের এই বক্তব্য দিয়েছেন, কোন সদস্য এই বক্তব্যের প্রতিবাদ করেননি, তার মানে আমরা ধরে নিতে পারি, আওয়ামী লীগের দলীয় বক্তব্য এটি।
আগামী নির্বাচনে যেন এই দায় দলকে মিটাতে না হয়………. ওবায়দুল কাদের যেদিন সাধারণ সম্পাদক মনোনীত হয়েছিলেন, সেদিনের বিদায়ী সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছিলেন, আওয়ামী লীগ একটি আদর্শের নাম ‘আওয়ামী লীগ শুধু একটা রাজনৈতিক দল নয়, এটা অনুভূতি। এই হাজারো বন্ধুর রক্ত, চার নেতার রক্ত, ভাষা আন্দোলনের রক্ত, সেই অনুভূতি। এই অনুভূতি সৃষ্টি হয়েছে- নাম আওয়ামী লীগ।’ যাদেরকে আওয়ামী লীগ করার সার্টিফিকেট দিচ্ছেন তাদের সেই অনুভুতির সার্টিফিকেট আপনি কোথায় পেলেন?
বিষয়টা নৈতিকতার। পদ পদবীর নয়, আজ পর্যন্ত কোন যুদ্ধাপরাধী বা জামায়াত ইসলামের নেতার সন্তান কি ৭১ এর কৃতকর্মের জন্য ক্ষমা চাওয়ার কোন নজীর রেখেছেন বাংলাদেশে। আপনার স্বাক্ষরিত কমিটির নেত্রী রিজিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে পিতার পক্ষেই সাফাই গেয়েছেন। কৃতকর্মের জন্য ক্ষমাপ্রার্থী হয়নি।
বর্তমান প্রজন্মের যারা জামায়াত ইসলাম বা শিবিরের রাজনীতির সাথে জড়িত, তাঁদের জন্ম বাংলাদেশ জন্মের বহু পরে। এখন প্রশ্ন আসা স্বাভাবিক এবং জামায়াত বিতর্কে এই প্রশ্নটা আসে ও বারবার। বর্তমানে যারা জামায়াত ইসলাম করে এদের তো কোন অপরাধ নাই? এরা তো মুক্তিযুদ্ধের পরে জন্মগ্রহণকারী, যুদ্ধাপরাধীর দায় এদের কাধে কেন? এর উত্তর কি? নৈতিকতা ও আদর্শের প্রশ্নটা সেখানেই চলে আসে। রিজিয়ার ক্ষেত্রে আপনি মাত্র চার বছরের ইতিহাস চেয়েছেন, কাদের মোল্লা, গোলাম আযম, মুজাহিদ সাঈদী তো স্বাধীনতার ৪২ বছর বাংলাদেশের প্রতি অনুগত ছিল, ৭১ এর পরে তো আর কোন অপরাধ করেনি, তবে কি তাদের সাজা দেয়া ভুল হয়েছে ?
২০০৮ সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তরুণ প্রজন্মের অনেকেই নিজের টাকায় হাজার হাজার মানুষের কাছে মোবাইল এসএমএসের মাধ্যমে ভোট প্রার্থনা করেছে। যেখানে মূল বক্তব্য ছিল জামায়াত শিবিরকে বাংলাদেশে প্রতিহত করা এবং যুদ্ধাপরাধীর বিচার নিশ্চিত করা। জীবনের তোয়াক্কা না করে যারা দীর্ঘদিন জামায়াত শিবিরের বিরুদ্ধে, তাদের রাজনীতির বিরুদ্ধে, নীতি আদর্শের বিরুদ্ধ্বে যুদ্ধ চালিয়ে যাচ্ছে; বঙ্গবন্ধুর আদর্শ ও নীতিকে সুপ্রতিষ্ঠিত করতে এরা আওয়ামী লীগের কোন পদ পদবীতে নেই, ছিলনা কখনো, আগামীতেও পদ পদবী প্রত্যাশা করবে না। শুধুমাত্র বঙ্গবন্ধুকে ভালোবেসে, বাংলাদেশকে ভালোবেসে, মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করে দিনের পর দিন শেষ ভরসা হিসাবে আওয়ামী লীগকে সমর্থন দিয়ে যাচ্ছে। তাঁরা নিশ্চয় কোথাও ভুল করেছে। জামায়াত শিবিরিরের নেতাদের সন্তান সন্ততি যদি আওয়ামী লীগ করতে পারে, তাহলে অতীতের বিরোধীতার জন্য জামায়াত ইসলামের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চাইবার ব্যবস্থা করে দিন।
লেখক: সালাউদ্দিন সাকিব-সাবেক আহবায়ক, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগ ও মুক্তিযোদ্ধার সন্তান ।
























