বিএনপির যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীকে রাজধানীর মতিঝিল ও লালবাগ থানার নাশকতার দুই মামলায় দুই দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকা মহানগর হাকিম নূরুন্নাহার ইয়াসমিন মতিঝিল থানার মামলায় একদিন ও মহানগর হাকিম নূর নবী লালবাগ থানার মামলায় একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে আসলাম চৌধুরীকে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে মতিঝিল ও লালবাগ থানার পৃথক দুই মামলায় সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। রিমান্ড শুনানিতে আসলাম চৌধুরীর আইনজীবী মাসুদ আহম্মেদ তালুকদার বলেন, মামলায় তাকে রিমান্ডে নেওয়ার কোন যুক্তি নেই। তিনি ঘটনার সময় অন্য মামলায় চট্টগ্রামে কারাগারে আটক ছিলেন। তাই তার রিমান্ড বাতিল করে জামিন দেওয়া হোক।
অপরদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আবু বলেন, মামলার সুষ্ঠু তদন্তের জন্য এ মামলায় রিমান্ড প্রয়োজন। ন্যায় বিচারের স্বার্থে রিমান্ড মঞ্জুর করা হোক। উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিন করে দুই মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, ২০১৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিকে বিএনপির হরতাল ও অবরোধ চলাকালে মামলা দুইটি দায়ের করা হয়।
























