“আমার হ্দয় আজ আনন্দে ভরপুর। উনি আসাতে আমি খুব খুশি হয়েছি।”জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ এভাবেই ‘উনি’বলে সম্বোধন করেন রওশদ এরশাদকে। রোববার বিকালে মে দিবস উপলক্ষে রাজধানীর এক সমাবেশে তিনি এ সম্বোধন করেন।
একই মঞ্চে এরশাদকে জাতীয় পার্টির সব চেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি বলে সম্বোধন করেন রওশন এরশাদ। রাজধানীর কাকরাইলে ওই শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয় শ্রমিক পার্টি।
একই মঞ্চে সকল নেতাদের পেয়ে আনন্দিত এরশাদ বলেন, “আজ থেকে আমাদের নতুন যাত্রা শুরু হলো। এ যাত্রা সে দিন শেষ হবে যে দিন আমাদের স্বপ্ন পূরণ হবে।”
এ সময় তিনি আরো বলেন, “কিন্তু দুঃখের বিষয় হলো আমরা বিচ্ছিন্ন ছিলাম। কিন্তু আজ আমরা ঐক্যবদ্ধ।”
সম্প্রতি জাতীয় পার্টির দলের সিনিয়র কো চেয়ারম্যান হয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। সমাবেশে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “সিনিয়র কো চেয়ারম্যান পদের জন্য আপনারা কি মত দিয়েছেন। আপনাদের মতো না থাকলে আমি পদ গ্রহণ করব না।”
এ সময় উপস্থিত নেতা-কর্মীরা সমস্বরে হ্যাঁ বলে উঠেন।
দেশের বর্তমান মানুষ খুন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এরশাদ। দেশের সকল রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “মানুষ খুন হচ্ছে প্রতিদিন। সরকারের পক্ষে কি ঘরে ঘরে গিয়ে পাহারা দেওয়া সম্ভব? সম্ভব নয়। আসুন আমরা সবাই এক সঙ্গে বসি।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, “একটা কথা বলবো। আপনারা অনেক সিট জিতে গেছেন। কিন্তু গণতন্ত্রকে পরাজিত করবেন না।”
তিনি আরো বলেন, “বর্তমানে দেশের অবস্থা ভালো নয়। জনগণ পরিবর্তন চায়। কিন্তু তা বিএনপি নয়। এ দেশের মানুষ জাতীয় পার্টিকেই ক্ষমতায় দেখতে চায়।”
জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি এ কে এম আসরাফুজ্জামান খানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের উপস্থিত ছিলেন দলের কো-চেয়ারম্যান গোলাপ মোহাম্মদ কাদের, মহাসচিব রুহুল আমীন হাওলাদার, সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুস সবুর আসুদ, কাজী ফিরোজ রশিদ, এস এম ফয়সাল চিশতি, মশিউর রহমান রাঙ্গা, ফখরুল ইমাম প্রমুখ।
























