১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানীতে অবশেষে এলো স্বস্তির বৃষ্টি

অবশেষে এলো স্বস্তির বৃষ্টি। রাজধানীতে আজ সূর্যাস্তের পর দমকা হাওয়া শুরু হয়। এরপরই মেঘের গর্জন। দমকা হাওয়া, মেঘের গর্জন যাই হোক নগরবাসীর অপেক্ষা ছিল বৃষ্টির। অবশেষে গরমে অতিষ্ঠ, অবসাদগ্রস্ত রাজধানীর আকাশ ঢেকে গেল কালো মেঘে। ওই মেঘ থেকেই ঝরল সাধের বৃষ্টি।

রাজধানী ছাড়াও যশোর, চুয়াডাঙ্গা, ফরিদপুরসহ দেশের বিভিন্ন স্থানে বিকেল থেকে বৃষ্টির খবর পাওয়া গেছে।  

গত এক সপ্তাহে প্রচণ্ড দাবদাহে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে ওঠে।

চলতি সপ্তাহজুড়ে গরমের দাপট ছিল অত্যন্ত বেশি। গত রোববার রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৯ ডিগ্রি সেলসিয়াস। সপ্তাহজুড়ে এ রকম মাত্রার গরম পড়ে ঢাকায়। গত সপ্তাহেই যশোরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করে। রাজশাহীতে ওঠে ৪১ ডিগ্রি সেলসিয়াস।

সেই বৃষ্টির জন্য প্রার্থনাও শুরু হয় দেশের বিভিন্ন এলাকায়। বিভিন্ন ধর্মের মানুষ নিজস্ব রীতি অনুযায়ী প্রার্থনা করেছে বৃষ্টির জন্য। মসজিদে, মন্দিরেও রীতিমতো আয়োজন করা হয়েছে প্রার্থনার। বিভিন্ন স্থানে বৃষ্টির জন্য নামাজ পড়া হয়েছে।

এদিকে আজ রোববার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, পাবনা ও বগুড়া অঞ্চলসহ রংপুর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য দেওয়া হয়।

তাপপ্রবাহের ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর জানায়, রাজশাহী ও যশোর অঞ্চলের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, রাঙ্গামাটি, চাঁদপুর, নোয়াখালী, সৈয়দপুর, বরিশাল, পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী বিভাগের অবশিষ্টাংশ ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ