[ad id=”28167″]
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকারের কাছে শুধু শ্রমিক কেন কোনো মানুষের কোনো অধিকার নেই। তাই নিজেদের অধিকার আদায়ে সকলকে আন্দোলন করতে হবে। এ জন্য বর্তমান ‘অবৈধ’ সরকারের বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তিনি।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত সমাবেশের আয়োজন করেছে জাতীয়তাবাদী শ্রমিক দল। এ সময় বিএনপি চেয়ারপারসন মে দিবস উপলক্ষে দেশ-বিদেশের শ্রমিক শ্রেণির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান। খালেদা জিয়া তাঁর আমলে শ্রমিকদের স্বার্থরক্ষায় নেওয়া নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
এ দেশের মানুষ আওয়ামী লীগকে বিশ্বাস করে না মন্তব্য করে খালেদা জিয়া বলেন,“ এ সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তাই তারা মানুষকে তারা মানুষ মনে করে না।”
বিএনপির চেয়ারপারসন বলেন, “এ দেশের শ্রমিকরা আজ ভালো নেই। তাদের ওপর নানা নির্যাতন-অত্যাচার হচ্ছে। আওয়ামী লীগের এক নেতা দখল করা জায়গায় রানা প্লাজা গড়েছিলেন। সেই রানা প্লাজা ধসে শত শত শ্রমিক মারা গেল। অনেকে আহত হয়েছে। এখনো অনেক নিখোঁজ শ্রমিকের খোঁজ পায়নি স্বজনরা। এই সরকার আহত-নিহতদেরে কোনো ক্ষতিপূরণ দেয়নি।”
খালেদা জিয়া বলেন, “এই হচ্ছে অবৈধ সরকারের কার্যক্রম। রানা প্লাজার শ্রমিকদের জন্য অনেক টাকা ওঠানো হয়েছে। কোথায় গেল সেই টাকা? শ্রমিকদের ভাগ্যে সেই টাকা গেল না কেন?”
বিএনপি চেয়ারপারসন আরো বলেন, “আজকে দেশে সরকারি দলের নেতা ছাড়া কারো কোনো অধিকার নেই। শ্রমিকদের কোনো অধিকার নেই। এই সরকার মানুষকে মানুষ মনে করে না।”
সরকারের সমালোচনা করে বিএনপি প্রধান বলেন, “সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ব্যাপক কারচুপি করছে। নির্বাচন কমিশন কিছু করতে পারছে না। তারা নিরপেক্ষতার কোনো প্রমাণই রাখতে পারছে না। সরকার যেমন নির্বাচন কমিশনও তেমনই।”
সবাইকে আন্দোলনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে খালেদা বলেন, “এই দেশ, এই মাটি, এই মানুষ-বিএনপির আপনজন। এতো নির্যাতনের পরও দলটি মানুষের পাশে থাকছে।”
মঞ্চে নেতাদের দেখিয়ে খালেদা জিয়া বলেন, “এখানে এমন কোনো নেতা নেই যাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা দেয়া হয়নি। তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে সরকার, এরপরও মানুষের পাশে থাকছেন তারা।”
তিনি আরো বলেন, “বিএনপি মুক্তিযুদ্ধের দল, মুক্তিযোদ্ধাদের দল। রক্তের বদলে এই দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করেছেন।’
খালেদা জিয়া বলেন, “আমাকে ও আমার ছেলেদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে, অত্যাচার করছে। আমাকে দেশ ছেড়ে যাওয়ার চাপ দেয়া হয়েছে, কিন্তু আমি বলেছি-আমি বাংলাদেশ ছেড়ে যাবো না। এইটাই আমার শেষ ঠিকানা।”
বিশ্বের শ্রমজীবী মানুষকে অভিনন্দন জানিয়ে খালেদা জিয়া বলেন, “মে দিবস রক্ত দিয়ে অধিকার আদায়ের ইতিহাস। তাই মে দিবসের শিক্ষা নিয়ে আমাদের অধিকার আদায় করতে হবে।”
সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খোন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, ড.মঈন খান প্রমুখ।
সমাবেশে সিনিয়র নেতাদের বক্তব্যের ফাঁকে ফাঁকে স্লোগান দেয় ছাত্রদল, যুবদল, সেচ্ছাসেবক, কৃষকদল, মুক্তিযুদ্ধোদল এবং বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।
সমাবেশে উপস্থিত হয়েছেন ঢাকাসহ আশপাশের জেলাগুলো থেকে বিভিন্ন শ্রমিক নেতাকর্মীরা।
























