সাত ফুটবলারকে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার সুপারিশ করে দেয়া ‘ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র প্রতিবেদনের অনুমোদন দিয়েছে বাফুফে কার্য নির্বাহী কমিটি। শনিবার ইসি কমিটির নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত দেয়া হয়। এছাড়াও, বৈঠকে আগামী ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপার লিগ ‘বিএসএল’র লোগো উন্মোচনের দিন ধার্য করে নির্বাহী কমিটি।
পাঁচ ফুটবলারের অব্যাহতি ও দুই জনের বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞার নিয়ে যখন সরগরম দেশের ফুটবল অঙ্গন, ঠিক সে সময়েই বৈঠকে বাফুফের নীতি নির্ধারকরা। তাই, নিশ্চিত ভাবেই উৎকণ্ঠা ছিল- এই বুঝি এলো চূড়ান্ত সিদ্ধান্ত। কিন্তু, বৈঠক শেষে কর্মকর্তাদের সিদ্ধান্ত কোন সমাধান দিতে পারেনি বরং বাড়িয়েছে অপেক্ষার পালা।
নিয়ম অনুযায়ী, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র তদন্ত প্রতিবেদন নিয়ে প্রথম আলোচনা হওয়ার কথা ছিল ন্যাশনাল টিমস কমিটি’তে। সেখানের সিদ্ধান্ত নিয়ে চূড়ান্ত আলোচনা হবে নির্বাহী কমিটির বৈঠকে। তবে বিষয়টি নিয়ে উল্টো পথে হেঁটেছে বাফুফে। তাই, নির্বাহী কমিটির সবুজ সংকেতের পরও অপেক্ষাটা এবার ন্যাশনাল টিমস কমিটি’র চূড়ান্ত অনুমোদনের।
ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি’র প্রতিবেদন ছাড়াও নির্বাহী কমিটির আলোচনায় উপস্থিত ছিল বাংলাদেশ সুপার লিগ। বৈঠকে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক এই ফুটবল লিগ আয়োজনের দিন-ক্ষণ ঠিক না হলেও চূড়ান্ত হয়েছে লোগে উন্মোচনের তারিখ।
এছাড়াও, দেশের সব জেলাগুলোকে নিয়ে মার্চের প্রথম সপ্তাহে ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজনের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত নেয় নির্বাহী কমিটি।























