সই জাল করে ‘প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের’ অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানার বিরুদ্ধে মামলা করেছেন সংগঠনের সভাপতি টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। তার পক্ষে সহকারী একান্ত সচিব জয়দেব নন্দী রোববার রাতে শাহবাগ থানায় এ মামলা করেন বলে ওসি আবু বকর সিদ্দিক জানান।
মামলার এজাহারে বলা হয়, অরুণ সরকার রানা ২০১৪ ও ২০১৫ সালের বিভিন্ন তারিখে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে জোটের কর্মসূচির নামে বিজ্ঞাপন ও স্পন্সরশিপের অর্থ আদায় করেছেন। জোটের সভাপতি তারানা হালিমের নাম, পদবি ও সই জাল করে সংগঠনের প্যাড ব্যবহার করে তিনি এ কাজ করেছেন। এদিকে জালিয়াতির বিষয়ে আনা অভিযোগ অস্বীকার করে অরুণ সরকার রানা বলেন, সংগঠনের যে প্যাডে প্রতিমন্ত্রীর স্বাক্ষর জাল করার কথা বলা হচ্ছে, সেখানে আমার স্বাক্ষরও জাল করা হয়েছে। তিনি বলেন, সংগঠনের পদ থেকে তাকে সরাতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।





















