আজীবন বহিষ্কার করতে ২৯ জন ছাত্রের বিস্তারিত তথ্য খুঁজছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির এসব ছাত্র নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের সক্রিয় সদস্য। বিশ্ববিদ্যালয়ের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
এখনো দেশের কর্পোরেট দুনিয়ার নিয়ন্ত্রণ ঢাকা বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টি থেকে বেরিয়ে যাওয়া মেধাবীদের হাতে। শুরু থেকেই নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের নজর এর দিকে। এখানকার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা গেল নিষিদ্ধ হওয়ার পরও কৌশলে এখানে তৎপর হিযবুত তাহরীর।
রোববার রাতে সিন্ডিকেটের সভায় যে ১৬ শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে তাদের মধ্যে হিযবুত তাহরীরের ৬জনও রয়েছে। বিজনেস স্টাডিজ ফ্যাকাল্টির সিসিটিভিতে তৎপরতা ধরা পড়ায় তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা।
ওই ফ্যাকাল্টির আরো ২৯জন ছাত্রের হিযবুত তাহরীরে জড়িত থাকার প্রমাণ পেয়েছে প্রোক্টর অফিস। এরমধ্যে- ম্যানেজমেন্ট ইনফরমেশন বিভাগের ২০ ও ২১ তম ব্যাচের ৮ জন ছাত্র রয়েছেন।
রয়েছে ফিন্যান্স ও একাউন্টিং বিভাগের চার জন করে এবং ম্যানেজমেন্ট বিভাগের ২জন ছাত্র। মার্কেটিং বিভাগের সবচেয়ে বেশি ছাত্র ১১ জনের বিরুদ্ধে হিযবুত তাহরীরে জড়িত থাকার প্রমাণ মিলেছে। ২০০৫ সালে দেশে হিযবুত তাহরীরের তৎপরতা নিষিদ্ধ করে সরকার।
























