কল্যাণপুরের পোড়া বস্তিতে উচ্ছেদ অভিযানে নিষেধাজ্ঞা জারি করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার সকালে রাজধানীর কল্যাণপুরের উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ বিষয়ে মানবাধিকার সংগঠন ব্লাস্টের পক্ষ থেকে একটি রিট আবেদন করলে প্রাথমিক শুনানি করে আদালত আজ আদেশ দেন। আগামী তিন মাসের জন্য এ নির্দেশ জারি করা হয়েছে।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সারা হোসেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, কল্যাণপুরের পোড়া বস্তিতে বসবাসকারীদেরকে কোনোভাবে হয়রানি না করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে উচ্ছেদ অভিযানের সকল কার্যক্রমের ওপর হাইকোর্ট নিষেধাজ্ঞা জারি করেছেন।
এর আগে আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার সময় কল্যাণপুরের পোড়া বস্তিতে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উচ্ছেদ অভিযান চলাকালে বস্তিবাসীর সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েক রাউন্ড টিয়ার সেল ছুঁড়েছে পুলিশ। তবে এতে কোনো ধরনের হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে, এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করে আইন ও সালিশ কেন্দ্র।





















