অবাধে চলছে জামায়াত-শিবিরের প্রচার এবং প্রকাশনা

কোনোভাবেই স্বাধীনতা বিরোধী জামায়াত-শিবিরের প্রচার এবং প্রকাশনা বন্ধ করতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত শীর্ষ নেতাদের পক্ষে জনমত সৃষ্টির জন্য নিত্য-নতুন জিহাদি লিফলেট এবং বুকলেটসহ নানাভাবে প্রচার চালিয়ে যাচ্ছে তারা। এমনকি সর্বশেষ রাষ্ট্রীয় সন্ত্রাস নামে পুলিশ ও প্রশাসনের বিরুদ্ধে উস্কানিমূলক একটি বইও প্রকাশ করেছে তারা।

আগে জামায়াত-শিবিরের আস্তানা এবং মেসগুলো থেকে তাদের প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদীর লেখা বই উদ্ধার করা হলেও এখন তার সাথে পাওয়া যাচ্ছে অন্য প্রকাশনাও। বিশেষ করে সাম্প্রতিক সময়ে জামায়াত-শিবিরের প্রচার-প্রকাশনার অধিকাংশই যুদ্ধাপরাধ বিচারের ইস্যুতে লেখা।

এসব প্রকাশনায় যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াত নেতাদের নির্দোষ দাবির পাশাপাশি বিচার প্রক্রিয়াকেই কটাক্ষ করা হচ্ছে। গোপনে প্রকাশিত এসব প্রকাশনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়িয়ে চলে যাচ্ছে নেতা-কর্মীসহ সাধারণ মানুষের কাছে।

সবশেষ মঙ্গলবার রাতে নগর শিবির কার্যালয় থেকে বেশকিছু বই এবং প্রকাশনা জব্দ করে গোয়েন্দা পুলিশ। এর মধ্যে ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের শিকার’ নামে একটি বই উদ্ধার করা হয়েছে।

এক্ষেত্রে বিভ্রান্তি এড়াতে এসব প্রকাশনা বন্ধের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেয়া উচিত বলে মনে করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. এ এফ ইমাম আলী।

গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, রাজধানী ঢাকার মগবাজার এবং চট্টগ্রামের আন্দরকিল্লা ও চন্দনপুরা এলাকার কয়েকটি ছাপাখানায় ছাপানো হচ্ছে উস্কানিমূলক এসব বই, লিফলেট, বুকলেট এবং পোস্টার। এরপর কুরিয়ারের মাধ্যমে পাঠানো হয় সারাদেশে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ