মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ নিহত ৭

মাইক্রোবাস ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের ছয় জনসহ নিহত ৭ । গোপালগঞ্জ–কোটালিপাড়া সড়কের শিবপুর এলাকায় শনিবার সকাল সোয়া ১০টার দিয়ে দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার তেলিগাতি গ্রামের মৃত নসু মিয়ার ছেলে খোকন সিকদার (৪৫), তার স্ত্রী চায়না বেগম (৩৮), মেয়ে এ্যানিয়া (১৬), চাঁদনী (৮), খোকন সিকদারের মা কাতেবুন নেছা (৬৫), ভাই হাসান সিকদারের ছেলে সাকিব (১৩), ইজি বাইক চালক পাশের গ্রামের খানারপাড় গ্রামের কালাম সরদারের ছেলে স্বপন সরদার (৩৫)। গুরুতর আহত হয়েছেন খোকন সিকদারের অপর মেয়ে ইতিমনি (১৩)। তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।

আহতদের স্বজনরা জানান, খোকন সিকদার খুলনা থেকে পরিবারের সদস্যদের নিয়ে গ্রামের বাড়ি মাঝিগাতি ইউনিয়নের তেলিগাতি গ্রামে আসছিলেন। তারা খুলনা থেকে বাসে এসে গোপালগঞ্জের বেদগ্রাম বাসস্ট্যান্ডে নামেন। সেখান থেকে তারা একটি ইজিবাইক ভাড়া করে বাড়ির উদ্দেশে রওনা হন। পথিমধ্যে শিবপুর নামকস্থানে বিপরীতমুখি জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের স্টিকার সম্বলিত একটি মাইক্রোবাসের (ঢাকা মেট্রো-চ-১৫-৬৯৩০) সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ১ জন ও গোপালগঞ্জ সদর হাসপাতালে আনার পথে ৪ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ জন মারা যান। 

নিহতের স্বজন বাচ্চু সিকদার জানান, খোকন সরদার এক আত্মীয় বিয়ে উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের তেলিগাতি গ্রামের বাড়িতে আসছিলেন। বাড়িতে আসার পথে শিবপুর নামকস্থানে এ মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের ৬ জন নিহত হয়েছেন। এতে হাসপাতাল ও নিহতের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

গোপালগঞ্জ সার্কেল এসপি আলীমূল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ