শুক্রবার আখাউড়া-কসবা সড়ক সংলগ্ন সীমান্তবর্তী মোগড়া উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে ৫ হাজার ১০০ পিস ইয়াবা নগদ ১ লাখ ১০ হাজার টাকাসহ ইসমত আরা নামে এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন জব্দ করা হয়।
আটক ইসমত আরা আখাউড়া উপজেলার মনিয়ন্দ গ্রামের বাসিন্দা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, ক্রেতা সেজে মোবাইল ফোনে ইয়াবার অর্ডার দিলে একটি শপিং ব্যাগে করে ৪ হাজার পিস ইয়াবা নিয়ে মোগড়া উচ্চবিদ্যালয়ের সামনে অবস্থান নেয় ওই নারী। এ সময় তাকে ইয়াবার ব্যাগসহ হাতেনাতে আটক করা হয়।
পরে, তার দেওয়া তথ্যেরভিত্তিতে মনিয়ন্দ গ্রামের নিজ বাড়ি থেকে আরও ১ হাজার ১০০ পিস ইয়াবা উদ্ধার ও নগদ ১ লাখ ১০ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়।
চিহ্নিত ওই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে থানায় সোপর্দ করা হয়েছে।






















