সরকারি প্রাথমিক স্কুলের প্রাক-প্রাথমিক শিক্ষার জন্য সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা আগামী ৩০ অক্টোবর অনুষ্ঠিত হবে। দেশের ১৭ জেলায় একযোগে ওইদিন সকাল ১০টা থেকে ১১টা ২০ পর্যন্ত এই পরীক্ষা নেয়া হবে। এতে চার লাখ ৩৬ হাজার ৭৮ জন পরীক্ষার্থী অংশ নেবেন।
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে জেলাওয়ারি নিয়োগ পরীক্ষা নিচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এবারের জেলাগুলো হচ্ছে রাজশাহী, বগুড়া, পাবনা, নওগাঁ, ময়মনসিংহ, সিরাজগঞ্জ, যশোর, বরিশাল, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, রংপুর, কুমিল্লা, চট্টগ্রাম, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধা।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আজ ২২ অক্টোবর থেকে প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তা পাঠানো হবে এবং প্রার্থীরা স্ব-স্ব প্রবেশপত্র ডাউনলোড করে সংগ্রহ করতে পারবেন। অনলাইনে ওয়েবসাইট (http://dpe.teletalk.com.bd) থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ওএমআর শিট পূরণের নির্দেশনাবলী ও পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য ওয়েবসাইটে (www.dpe.gov.bd) পাওয়া যাবে।
লিখিত পরীক্ষায় প্রবেশপত্র ছাড়া পরীক্ষা কেন্দ্রে কোনো বই, উত্তরপত্র, নোট বা অন্য কোনো কাগজপত্র, ক্যালকুলেটর, মোবাইল ফোন ও ভ্যানেটি ব্যাগ, পার্স, ইলেকট্রনিক্স ঘড়ি বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস ইত্যাদি পরীক্ষার্থীরা সঙ্গে রাখতে পারবেন না। যদি কোনো পরীক্ষার্থী এসব দ্রব্যাদি সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেন তাকে তাৎক্ষণিক বহিষ্কার করা হবে।
পরীক্ষায় প্রশ্ন ফাঁস ঠেকাতে এবারই প্রথম ডিজিটাল পদ্ধতিতে প্রশ্নপত্র প্রণয়ন ও বিতরণের মাধ্যমে পরীক্ষা নেয়া হচ্ছে। গত ২৭ জুন ৫ জেলায়, ২৮ আগস্ট ১৭ জেলা ও তৃতীয় দফায় ১৬ অক্টোবর ২২ জেলায় লিখিত পরীক্ষা নেয়া হয়।























