লেখক : আ.স.ম. ফয়সাল
প্রিয় শিক্ষার্থীরা,
আশা করি এ মুহূর্তে তোমরা পড়ালেখা নিয়ে খুব ব্যস্ত রয়েছো। পরীক্ষার পূর্বের এ সময়টা খুবই গুরুত্বপূর্ণ। সময়টা কাজে লাগাও। দেখবে তোমার সাফল্যের পক্ষে অনেক সহায়ক হবে। আজ তোমাদের বাংলা প্রথম পত্র ও বাংলা দ্বিতীয় পত্র সম্পর্কে কিছু পরামর্শ থাকছে।
বাংলা প্রথম পত্র :
বাংলা প্রথম পত্রে তোমাদের সিলেবাস হলো ‘মাধ্যমিক বাংলা সাহিত্য’ বই এর নির্বাচিত ১৫টি গদ্য ও ১৫টি কবিতা, ১টি উপন্যাস ও ১টি নাটক। সিলেবাসটি অনেক বিস্তৃত হলেও আনন্দের সাথে পড়া যায় সাহিত্যগুলো। বাংলা ১ম পত্র ও পরে বাংলা ২য় পত্র দিয়ে তোমাদের এ বছরের এস এস সি পরীক্ষার শুভ সূচনা হবে আশা করছি। এ মুহূর্তে তোমাদের ১৫টি গদ্য, ১৫টি কবিতা, ‘কাকতাড়ুয়া’ উপন্যাস ও ‘বহিপীর’ নাটক যদি ভালোভাবে পড়া না থাকে তাহলে প্রস্তুতি এখনও অনেকাংশে অসম্পূর্ণ। এক্ষেত্রে এখন থেকে কিংবা পরীক্ষার অন্তত এক সপ্তাহ পূর্বে থেকে মূল পাঠ পড়া শুরু করবে। মূলবই পড়া ছাড়া বর্তমান সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষায় ভালো নম্বর পাওয়া সম্ভব নয়। মূলবই এর মূল পাঠটি ছাড়া আরও যা যা পড়তে হবে-লেখক পরিচিতি, শব্দার্থ ও টীকা, পাঠ পরিচিতি। উপন্যাস ও নাটকের ক্ষেত্রে সহপাঠের উপন্যাস ও নাটক সম্পর্কিত যে আলোচনাগুলো আছে সেগুলোও জানতে হবে। গদ্য, কবিতা, উপন্যাস ও নাটক মূল পাঠ পড়ার সময় লক্ষ রাখতে হবে খুঁটিনাটি বিষয় সম্পর্কে। যেন প্রতিটি লাইনে বা বাক্যে কোন জ্ঞানমূলক প্রশ্ন বা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে সেটা বের করতে হবে। অনুধাবনমূলক প্রশ্নের জন্যও মূল পাঠ অতি জরুরী। ব্যাখ্যা বা বিশ্লেষণ করা অনুধাবনমূলক প্রশ্নের ধরন। প্রয়োগ ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের উপর বিশেষ দক্ষতা অর্জন করতে হলে এ বছরের টেস্ট পেপারের দেশের স্বনামধন্য বিদ্যালয়ের নির্বাচনী পরীক্ষার সৃজনশীল প্রশ্নের গ ও ঘ নং প্রশ্নগুলো নিয়ে পর্যালোচনা করা উচিত। প্রয়োগমূলক প্রশ্নের ৩টি স্তর ও উচ্চতর দক্ষতামূলক প্রশ্নের ৪টি স্তর সম্পর্কে যথাযথ ধারণা রাখতে হবে।
বাংলা দ্বিতীয় পত্র :
বহু নির্বাচনী প্রশ্নের ৪০ নম্বরের প্রশ্ন ব্যাকরণ অংশের সিলেবাস থেকে আসবে। বিরচন বা নির্মিত অংশ থেকে বহু নির্বাচনী প্রশ্ন হবে না। ইংরেজী অনুবাদ থেকেও কোন প্রশ্ন আসবে না। এ অংশে ভালো করতে হলে অবশ্যই মূল বইটি ভালোভাবে আয়ত্ব করতে হবে। সে সাথে টেস্ট পেপারের বহুনির্বাচনী প্রশ্নগুলো অনুশীলন করতে হবে।
নিমির্তি অংশে অনুচ্ছেদ ৫ নম্বরের থাকে। যে কোন অনুচ্ছেদ লিখতে হলে সে বিষয়ের উৎপত্তি, বিকাশ ও চলমান অবস্থা সম্পর্কে বর্ণনা দিতে হবে। প্রয়োজনীয় ক্ষেত্রে সাল বা তারিখ, স্থান, ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করতে হবে।
চিঠি বা আবেদন পত্র তোমাদের রচনা সম্ভার বই এর আলোকে প্রশ্ন হয়ে থাকে। সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠিকে যেন সংবাদ প্রতিবেদন হিসেবে লেখা না হয় সেদিকে খেয়াল রাখবে।
সারাংশ বা সারমর্ম যে কোন একটি উত্তর দেওয়া যায়। এগুলোর উত্তর সংক্ষিপ্ত হওয়া বাঞ্ছনীয় এবং প্রদত্ত অনুচ্ছেদ বা কবিতাংশের সারবস্তু তথা মূলভাবটি যেন এতে প্রকাশ হয়। কোন দৃষ্টান্ত বা উদাহরণ উত্তরে স্থান পাবে না। সাধারণত মূল অনুচ্ছেদের তিনভাগের এক ভাগ অথবা অর্ধেক আকারে সারমর্ম বা সারাংশ লেখা হয়।
ভাব-সম্প্রসারণের ক্ষেত্রে কোন অনুচ্ছেদের নামকরণ প্রয়োজন নেই। তবে তিনটি অনুচ্ছেদে অথবা কেবল একটি অনুচ্ছেদে ভাব-সম্প্রসারণ উত্তর শেষ করা যাবে।
প্রতিবেদন সাধারণত বিগত সালগুলোতে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন ও সংবাদ প্রতিবেদনই এসেছে। যে কোন একটি লিখলেই হবে। তোমাদের রচনা সম্ভার বই-এ এখনও সংযোজন করা হয় নি। তাই প্রতিবেদন লেখা নিয়ম-কানুন নিয়ে অনেকে বিভ্রান্তিতে রয়েছে। এ সম্পর্কে তোমাদের প্রিয় পত্রিকা দৈনিক পূর্বকোণের ‘শিক্ষা’ পাতায় দুইটি পর্বে প্রতিবেদন লেখার কলা-কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি এতে তোমরা উপকৃত হয়েছো।
শিক্ষক, ইস্পাহানী পাবলিক স্কুল ও কলেজ, চট্টগ্রাম




















