বিরোধী দলের টানা তিন মাসের হরতাল-অবরোধ স্বত্বেও রাজস্ব আদায়ের ক্ষেত্রে এবার রেকর্ড ভঙ্গ করতে যাচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউজ। তিনবার লক্ষ্যমাত্রা বাড়িয়ে চলতি অর্থ বছরে ২৭ হাজার কোটি টাকার বেশি রাজস্ব আদায় করতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত আদায় হয়েছে সাড়ে ২৬ হাজার কোটি টাকার বেশি।
রাজনৈতিক অস্থিরতার মাঝেও চট্টগ্রাম বন্দর সচল থাকায় এতো রাজস্ব আদায় সম্ভব হয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী ও বন্দর কর্মকর্তারা। নানা সমস্যার কারণে গত কয়েক অর্থ বছরে রাজস্ব আদায়ের ক্ষেত্রে লক্ষ্যমাত্রা অর্জনে ব্যর্থ হয় চট্টগ্রাম কাস্টম হাউজ। অথচ দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক হওয়ায় রাজস্ব আদায়ের জন্য রাজস্ব বোর্ডের বিশেষ নজর থাকে এ কাস্টম হাউজের উপর। চলতি অর্থ বছরের শুরুতে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিলো ২৫ হাজার ৩২ কোটি টাকা। কিন্তু এক মাস হাতে রেখেই লক্ষ্যমাত্রা অর্জন হওয়ায় দু’দফা বাড়িয়ে শেষ পর্যন্ত লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৬ হাজার ৯৩৩ কোটি টাকা। এর মধ্যে ২৩ জুন পর্যন্ত আদায় হয়েছে ২৬ হাজার ৬৭০ কোটি টাকা।
চট্টগ্রাম কমিশনার কাস্টমস কমিশনার হোসাইন আহমেদ বলেন, ‘লক্ষ্যমাত্রা অর্জনে দু’দফা বাড়িয়ে ২৬ হাজার ৯৩৩ কোটি টাকার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার আমরা আশাবাদী আমাদের লক্ষ্যমাত্রা ২৭ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।’ গত ৫ জানুয়ারি থেকে দেশে শুরু হয় রাজনৈতিক অস্থিরতা। বিরোধী দল এ সময় টানা তিন মাস হরতাল এবং অবরোধ করলেও এর তেমন একটা প্রভাব পড়েনি চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পরিচালক (প্রশাসন) মোহাম্মদ জাফর আলম বলেন, ‘রাজনৈতিক অস্থিরতার সময় চট্টগ্রাম বন্দরের কার্যক্রমে ব্যাহত হয়নি। তবে প্রথম দিকে প্রবৃদ্ধি একটু কম ছিল কিন্তু পরের দিকে আমাদের প্রবৃদ্ধি ১৯% পর্যন্ত বৃদ্ধি পেয়েছিল।’
এদিকে চট্টগ্রাম চেম্বার অব কমার্স সভাপতি মাহবুবুল আলম জানান, তথ্য অনুযায়ী, এখন প্রতিদিন গড়ে ১শ’ ১৩ কোটি টাকা করে রাজস্ব আদায় হচ্ছে। আর এবার জ্বালানি তেল আমদানি খাতে সর্বোচ্চ রাজস্ব আদায় হয়েছে। দেশের অন্যতম রাজস্ব আদায়কারী প্রতিষ্ঠান চট্টগ্রাম কাস্টম হাউসে ২০১৩-১৪ অর্থবছরে রাজস্ব আদায়ে লক্ষ্যমাত্রা ২৪ হাজার ৪১০ কোটি টাকা থাকলেও আদায় হয়েছিলো ২৩ হাজার ২৩৭ কোটি টাকা। ‘দেশের অর্থনৈতিক প্রাণ প্রবাহ হিসাবে পরিচিত এই চট্টগ্রাম বন্দর। চট্টগ্রাম বন্দর চালু থাকলে গতিশীল থাকে দেশের অর্থনীতি। সেটা আবার প্রমাণিত হলো রাজস্ব আদায়ের ক্ষেত্রে। টানা হরতাল-অবরোধের মাঝেও চট্টগ্রাম বন্দর চালু থাকায় রাজস্ব আদায়ের রেকর্ড ভঙ্গ করেছে চট্টগ্রাম কাস্টম হাউজ।’






















