‘সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে’

সড়ক-মহাসড়কে ব্যাটারী চালিত ও থ্রি-হুইলার গাড়ির সংখ্যা বেড়ে যাওয়ায় দুর্ঘটনা বেড়ে গেছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সড়ক দুর্ঘটনা রোধে চালকদের আরো নিয়ন্ত্রিত হতে হবে এবং বেশি করে ট্রেনিংয়ের ব্যবস্থা নিতে হবে বলে জানান এই মন্ত্রী।

আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঘোড়দৌর ও হলদিয়া এলাকায় পৃথক দু’টি সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গাড়ি চালকদের সচেতনতার অভাবই সড়ক দুর্ঘটনার কারণ।

ওবায়দুল কাদের বলেন, মুন্সীগঞ্জের জনগণের আনন্দের সংবাদ খুব শিগগিরই ১’শ ৬০ কোটি টাকা ব্যয়ে আরো ২১টি আঞ্চলিক সেতু এ জেলায় হবে। প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে পদ্মাসেতুর কাজ পুরো দমে চলছে। ৩৪% কাজ সমাপ্ত হয়েছে। ১১টি পাইলিং এর কাজ শেষ হয়েছে।মন্ত্রী জানান, মুন্সীগঞ্জ-লৌহজং-মাওয়া আঞ্চলিক মহাসড়কের এই সেতু দুইটি নির্মাণ খরচ ধরা হয়েছে ৮ কোটি ৩০ লাখ টাকা।

সেতুর ভিত্তি প্রস্তর স্থাপনকালে মন্ত্রীর সঙ্গে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মুন্সীগঞ্জ-২ আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি, লৌহজং উপজেলার চেয়ারম্যান ওসমান গনি তালুকদার, শ্রীনগর সার্কেল পুলিশের এএসপি শামসুজ্জামান বাবু ও মেদেনীমন্ডল ইউনিয়নের চেয়ারম্যান আশরাফ খান প্রমুখ।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ