একাত্তর ও পঁচাত্তরের খুনি এবং পৃষ্ঠপোষক অপশক্তিকে মহানগরের ভোটাররা ভোট দেবেন না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম। তিনি বলেন,‘সিটি নির্বাচনে মুজিববর্ষে স্বাধীনতার পক্ষের শক্তির বিজয় সুনিশ্চিত। কারণ, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে হাটে-ঘাটে পথে-প্রান্তরে আলোকিত করেছেন, জঙ্গিমুক্ত করেছেন।’
শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের এক শোকসভায় তিনি এসব কথা বলেন।
শোকসভায় প্রয়াত মারুফ বিন হাবিবের স্মৃতিচারণ করে নাসিম বলেন, ‘মারুফ মানুষের জন্য কাজ করেছে। দলের নিবেদিতপ্রাণ একজন কর্মী ছিলেন। যারা বঙ্গবন্ধুর সৈনিক তারা কখনও দল থেকে বিচ্যুত হতে পারে না। আগামী দিনে দলকে আরও সুসংগঠিত ও বঙ্গবন্ধু কন্যার হাতকে শক্তিশালী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
সাবেক পৌর মেয়র মারুফ বিন হাবিবের মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না এমপি।
























