দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা

নানা ভোগান্তি আর বিড়ম্বনাকে সঙ্গী করে হজ শেষে, দেশে ফেরার পরও স্বস্তিতে নেই হাজিরা। দীর্ঘ পাঁচদিন কেউ কেউ তারও বেশি সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগমনী টার্মিনালে দিনাতিপাত করছেন নিজের লাগেজের অপেক্ষায়। দিনের পর দিন এ অবস্থা চললেও হজ্ব কর্তৃপক্ষ বলছেন তারা এ বিষয়ে কিছুই জানেন না। তবে, অভিযোগ পেলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার কথা জানালেন তারা।

হজ থেকে ফিরে পবিত্র ভূমির খেজুর আর জমজমের পানি পরিবারের পাশাপাশি এলাকাবাসীর মধ্যে ভাগাভাগি করতে কার না ইচ্ছা করে। এরাও ব্যতিক্রম নয়। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, শত বিড়ম্বনা মোকাবেলা করে দেশে ফিরতে পারলেও নিজের লাগেজটি পাননি এখনো।

গত পাঁচদিন ধরে বিমানবন্দরে এক কাপড়ে কোন রকম খেয়ে লাগেজের অপেক্ষায় দিনাতিপাত করছেন প্রায় এক”শ হাজি। আর প্রতিনিয়তই কেউ না কেউ পড়ছেন এই লাগেজ বিড়ম্বনায়।

সীমাহীন দুর্ভোগের মধ্যে দিনের পর দিন বিমানবন্দরে লাগেজের অপেক্ষা করলেও হাজিদের সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত হজ ক্যাম্পের কর্মকর্তাদের দেখা মিললো অনেকটা খোশগল্প করেই সময় পার করছেন তারা। বললেন, হাজিদের এই দুর্ভোগের বিষয় কিছুই জানেন না। তবে গণমাধ্যম কর্মীদের কাছে বিষয়টি জানতে পেরে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলেন হজ অফিসের উপ-পরিচালক আবুল কালাম আজাদ।

পবিত্র মক্কার দু:সহ স্মৃতিকে সঙ্গী করে যে হাজিরা দেশে ফিরতে পেরেছেন তাদের প্রশ্ন, আর কত কষ্ট করতে হবে তাদের। বাড়িতে অধীর অপেক্ষায় যেই স্বজনরা, লাগেজ নিয়ে যেতে চান তাদের কাছে।

দিনের পর দিন এভাবে অপেক্ষার প্রহর গুনলেও তাদের খোঁজ পর্যন্ত নেন না কর্তৃপক্ষ, এমন অভিযোগও রয়েছে হাজিদের।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ