প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেবার পর আজ নিজেদের ২য় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষেও দাপট দেখিয়ে জিতল বাংলাদেশ। রোববার কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে স্কটল্যান্ডকে জয়ের জন্য ২৫৭ রানের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিল বাংলাদেশের যুবারা। লক্ষ্যটা স্কটিশদের জন্য বেশ কঠিনই ছিল। বাংলাদেশের ২৫৬ রানের জবাবে স্কটল্যান্ড ৪৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে করে ১৪২ রান।
এ ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা বাংলাদেশের ২৫৬ রানের জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের দুর্দান্ত বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। ৪৮ রানের ওপেনিং পার্টনারশিপে শুরুটা ভালো করলেও এরপরেই তীব্র ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্কটল্যান্ড। মাত্র ৮ রানের ব্যবধানে ৩ ব্যাটসম্যান আউট হয়ে গেলে স্কটিশ টপ অর্ডার ধ্বংস হয়ে যায়।
এরপরে মিডল অর্ডারের কোনো ব্যাটসম্যানও ক্রিজে বেশিক্ষণ দাঁড়াতে পারেননি। নিয়মিত উইকেট পতনে শোচনীয় পরাজয় বরণ করে স্কটিশরা।























