প্যারোলে মুক্তি পেয়ে শপথ নিলেন রাজশাহীর তানোর পৌরসভার মেয়র ও যুবদলের সভাপতি মিজানুর রহমান মিজান। হাইকোর্টের বেধে দেওয়া সময়ের মধ্যে রবিবার সকাল ১০টা ৫ মিনিটে তানোর পৌর মেয়র হিসেবে তাকে শপথবাক্য পাঠ করানো হয়।
রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে তাকে শপথ বাক্য পাঠ করান ভারপ্রাপ্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মুনির হোসেন। শপথের পর মেয়র মিজানকে ফের রাজশাহী কারাগারে পাঠানো হয়।
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম খান জানান, শনিবার সন্ধ্যায় উচ্চ আদালতের আদেশ কারাগারে পৌঁছায়। এরপর গতকাল সকালে তাকে প্যারলে মুক্তি দিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে তানোর পৌর মেয়র হিসেবে শপথ গ্রহণ শেষে ১০টা ২৫ মিনিটে কারাগারে নিয়ে আসা হয়।
এর আগে মেয়র হিসেবে শপথ নিতে আসার সময় গত ২০ জানুয়ারি রাজশাহী মহানগরীর শিল্পকলা একাডেমির সামনে থেকে তানোর পৌরসভার নব নির্বাচিত মেয়র ও উপজেলা যুবদল সভাপতি মিজানুর রহমান মিজানকে গ্রেফতার করে বোয়ালিয়া থানা পুলিশ। পরদিন তাকে ২০১৫ সালের ৭ জানুয়ারি জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে নগরীর তালাইমারী শহীদ মিনার এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
























