২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌরভের কীর্তি ফাঁস করলেন শচীন।

প্রকাশ্যে সৌরভকে নিয়ে এবার মজা করলেন শচীন। সোশ্যাল মিডিয়ার ভক্তদের সামনেই সৌরভের কীর্তি ফাঁস করে দিলেন। যা নিয়ে আপাতত উত্তাল সোশ্যাল মিডিয়া।

দেশের ক্রিকেট ইতিহাসে দুই ওপেনার সোনালী ইতিহাস লিখে গিয়েছেন। রেকর্ডের পর রেকর্ড গড়েছেন। ব্যাট হাতে ওপেনার হিসেবে ১৩৬ ম্যাচে শ-সৌ জুটি ৪৯.৩২ গড়ে করেছেন ৬৬০৯ রান। বাইশ গজের বন্ধুত্বের সুগন্ধ ছড়িয়ে পড়েছে মাঠের বাইরেও। ক্রিকেট জীবন পেরিয়ে পরবর্তীতেও সৌরভ-শচীন ব্যক্তিগত স্তরে হৃদ্যতা বজায় রেখেছেন। অবসরোত্তর সময়ে বারেবারেই দুই মহাতারকাকে বিভিন্ন অনুষ্ঠানে দেখা যায়।

তবে সুযোগ পেলে অন্যকে লেগপুলিং করতেও ছাড়েন না দু-জনে। সাম্প্রতিক ঘটনা তারই ইঙ্গিত। নতুন বছরের শুরুতে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ছবি শেয়ার করেছিলেন। যেখানে সৌরভকে দেখা গিয়েছিল সবুজ মাঠে পা মুড়ে বসে রয়েছেন। ক্যাপশনে সৌরভ লিখেছেন, “ঠাণ্ডা সকালে ফিটনেস সেশন সতেজ করে দেয়।”

সেই ছবিই শচীনের নজরে আসতে মাস্টার ব্লাস্টার কমেন্ট করেন, “ওয়েল ডান দাদি। কেয়া বাত হ্যায়…” সেই সঙ্গে চোখ মারার একটি ইমোজিও জুড়ে দেন। প্রিয় বন্ধুর কমেন্টে এবার সৌরভ লেখেন, “ধন্যবাদ চ্যাম্পিয়ন। সবসময়েই আমি ফিটনেস ফ্রিক। তোমার নিশ্চয় মনে রয়েছে অনুশীলনের পুরনো দিনগুলো।”

বন্ধুত্বপূর্ণ কথাবার্তার মধ্যেই শচীন এবার সৌরভকে ট্রোল করে লেখেন, “হ্যাঁ দাদি, আমরা প্রত্যেকেই জানি তুমি ট্রেনিং কতটা পছন্দ করতে। বিশেষ করে স্কিপিংয়ের সময়।”

শচীনের সারকাজমেই স্পষ্ট যে অনুশীলনে সৌরভ ফাঁকি দিতেন। সেই কথাই প্রকাশ্যে মজা করে জানিয়ে দিলেন শচীন।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ