সৌদি আরবে নিম্নমানের কাজের পরিবেশ ও হয়রানির একাধিক অভিযোগ ওঠার পর সে দেশে গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করছে আফ্রিকার দেশ উগান্ডা। জনশক্তি পাঠানোর বিষয়ে ২০১৫ সালে দুই দেশের মধ্যে একটি চুক্তি হয়। সে অনুযায়ী সৌদিতে শ্রমিক পাঠানো শুরু করে উগান্ডা। কিন্তু এর এক বছর পার না হতেই দেশটিতে নারী শ্রমিক যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করছে দেশটি।
উগান্ডার সরকার রোববার জানিয়েছে, উপসাগরীয় তেলসমৃদ্ধ দেশটির গৃহকর্তাদের দ্বারা নারীকর্মীদের নিগ্রহের অভিযোগ তারা পেয়েছে। দেশটির নারী ও সমাজকল্যাণ মন্ত্রণালয়কে উদ্ধৃতি দিয়ে রয়টার্স জানায়, সৌদিতে গৃহকর্মী নির্যাতন ও কারাভোগের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশটিতে গৃহকর্মী পাঠানো নিষিদ্ধ করা হচ্ছে।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছরের জুলাইয়ে করা চুক্তি অনুযায়ী গৃহকর্মীরা দিনে আট ঘণ্টা কাজ করবে। বিনিময়ে তাদের ফিরতি বিমানের টিকেট, বাসস্থান সুবিধা, স্বাস্থ্যবীমা ও মাসিক ২০০ ডলার বেতন দেওয়া হবে।
উগান্ডার এক সরকারী কর্মকর্তা জানান, ওই চুক্তির পর ৫০০ গৃহকর্মীকে সৌদিতে পাঠানো হয়েছে। কয়েক শ নারী দেশটিতে যাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে।
উগান্ডার সরকার দাবি করেছে, কাজের পরিবেশ ভালো না হওয়া পর্যন্ত তারা এ নিষেধাজ্ঞা বজায় রাখবে। এদিকে খবরে বলা হয়েছে, কাজের পরিবেশ উন্নয়ন, নারী নিগ্রহ ও যৌন হয়রানির মতো ঘটনা ঘটবে না- এমন নিশ্চয়তা পেলেই সৌদিতে নারীশ্রমিক পাঠাবে বলে জানিয়েছে ইন্দোনেশিয়া, ইথিওপিয়া ও ফিলিপাইন। হয়রানির অভিযোগ এনে তারাও সৌদিতে নারীশ্রমিক পাঠানো বন্ধ রেখেছে।
























