সিলেট এমসি কলেজে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময় হলে দুইজন গুলিবিদ্ধসহ অন্তত ১০জন আহত হন। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, টিলাগড়স্থ এমসি কলেজে ছাত্রলীগের সঞ্জয়-কামরুল গ্রুপের মধ্যে কিছুদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে উত্তেজনা বিরাজ করছে। সোমবার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর অনুসারী নেতাকর্মীরা এমসি কলেজে আধিপত্য বিস্তারের চেষ্টা করলে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
আজ দুপুরে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সঞ্জয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় টিলাগড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এসময় প্রতিপক্ষের ছোঁড়া গুলিতে সঞ্জয়-কামরুল গ্রুপের রতন গুপ্ত ও শাহীন আহত হন। মুরাদসহ উভয় পক্ষের আরও সাতজন আহত হন। রতন ও শাহীনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সঞ্জয়-কামরুল গ্রুপের নেতাকর্মীরা কলেজে অবস্থান নিয়েছে এবং রায়হান গ্রুপের নেতাকর্মীরা টিলাগড় পয়েন্টে অবস্থান করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
























