সিরিয়ায় সম্প্রতি আসাদ বিরোধীদের ওপর বিমান হামলা ও সামরিক অভিযান জোরদার করায়, জেনেভা শান্তি আলোচনা ব্যাহত হয়েছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ।
তবে আলোচনা ভেস্তে গেলেও, চলতি মাসের শেষে আবারো সেটি শুরু হবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র। আর ইরান মনে করে কূটনৈতিকভাবেই সিরিয়া সংকটের সমাধান সম্ভব।
উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের বিভিন্ন এলাকায় সরকারী বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ বিদ্রোহী নিহত হয়েছে বলে সেনা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সানা। উত্তর-পূর্বাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে বড় ধরনের সাফল্য পাওয়ার একদিন পরই শুক্রবার এ কথা জানালো সেনাবাহিনী।
এছাড়া আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত দক্ষিণাঞ্চলীয় দেরা প্রদেশে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আতমান শহর দখল করেছে বলেও জানা গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম আরও বলেছে, সেনা অভিযানে বহু আইএস সদস্য হতাহত হয়েছে। আতমান দখল ছাড়াও দেইর এজ জোর প্রদেশে হেইজেত শহরের কাছে সেনা ঘাঁটিতে হামলা চালালে তা প্রতিহত করার কথাও জানিয়েছে সেনাবাহিনী।
এই সংঘাত আর সংঘর্ষের মধ্যেই জাতিসংঘের মহাসচিব বান কি মুন সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট পক্ষগুলোকে আবারো আলোচনায় বসতে আহবান জানিয়েছেন।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন বলেন, ‘এটা খুবই দু:খজনক যে ভয়াবহ বিমান হামলা ও সেনা অভিযানের কারণে সিরিয়ায় অসহায় নাগরিকদের কাছে ঠিকমত মানবিক সহায়তা পৌঁছানো যাচ্ছে না। সাম্প্রতিককালে বেড়ে যাওয়া হামলা ও অভিযানের কারণেই দু’পক্ষের মধ্যে কোন ধরনের সমঝোতা হয়নি।’
এরই মধ্যে হোয়াইট হাউজ মুখপাত্র জশ আর্নেস্ট এক সংবাদ সম্মেলনে বলেছেন, মার্কিন সরকার চায়, সিরিয়া শান্তি আলোচনা আবারো শুরু হোক।
হোয়াইট হাউজ মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ‘আমরা চাই দু’পক্ষই আলোচনার টেবিলে বসুক। সেজন্য আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। কারণ একটি রাজনৈতিক সমাধানই সিরিয়ায় শান্তি ফিরিয়ে আনতে পারে।’
এদিকে ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ মনে করেন, সারা বিশ্বের উচিত সিরিয়ার গৃহহীন মানুষদের আরো বেশি সহায়তা করা।
ইরানি পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ বলেন, ‘আমরা প্রথম থেকেই বলে আসছি সিরিয়ায় রাজনৈতিক সমাধান প্রয়োজন। এক্ষেত্রে সংলাপ ও আলোচনায় আন্তর্জাতিক সম্প্রদায় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সিরিয়ার পরিস্থিতি এখন সত্যিই মারাত্মক।’
এ পরিস্থিতিতে সিরিয়ায় আইএস অবস্থানগুলোতে বিমান হামলা জঙ্গিদের দমনে যথেষ্ট নয় মন্তব্য করে সৌদি সেনা কর্মকর্তারা আন্তর্জাতিক গণমাধ্যমে জানিয়েছেন, জোট দেশগুলো একমত হয়ে সিরিয়ায় আইএসবিরোধী স্থল অভিযান শুরু করলে তাতে অংশ নেবে সৌদি আরব।
এদিকে, সিরিয়ায় তুরস্ক সামরিক অভিযান চালাতে পারে বলে সতর্ক করে দিয়েছেন রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ।
























