২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত

সিরিয়ার উত্তরাঞ্চলীয় নগরী রাক্কায় গত ২৪ ঘণ্টায় ইসলামিক স্টেট (আইএস) জিহাদিদের অবস্থান লক্ষ্য করে চালানো মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় অন্তত ৩০ বেসামরিক লোক নিহত হয়েছে। সোমবার ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ খবর জানায়।

তারা বলছে, বিমান হামলায় নিহতদের মধ্যে নয় নারী ও ১৪ শিশু রয়েছে। মানবাধিকার সংস্থাটি আরো জানায়, এই হামলায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছে। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। জানা গেছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের একের পর এক চালানো এটি সর্বশেষ হামলা। মার্কিন জোট সম্প্রতি আইএস জিহাদিদের প্রধান ঘাঁটি রাকায় তাদের অবস্থান লক্ষ্য করে হামলা জোরদার করেছে। এতে চলতি সপ্তাহে বেশ কিছু বেসামরিক লোক নিহত হয়েছে।

স্থানীয় শাম এফএম রেডিও জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট এই হামলাগুলোতে সাদা রঙের ফসফরাস ব্যবহার করেছে। রাকা নগরী থেকে আইএসকে হটাতে কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স (এসডিএফ) কে ব্যাপক সমর্থন দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তাদের সহায়তায় এসডিএফ দুইমাস যুদ্ধ চালিয়ে নগরীটির ৫৫ শতাংশ দখল করতে পেরেছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ