সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী আল-ফ্রেইজ রাশিয়া সফরে

সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে রুশ বিমান হামলার ফলাফল নিয়ে আলোচনা করতে রাশিয়া সফর করেছেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী ফাহাদ জাসেম আল-ফ্রেইজ। তিনি বৃহস্পতিবার শেষ বেলায় মস্কোয় তার রুশ সমকক্ষ সের্গেই শোইগুর সঙ্গে সাক্ষাৎ করেছেন।

সাক্ষাতে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যান্য নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা হয়েছে। সাক্ষাতের পর ফ্রেইজ সাংবাদিকদের জানিয়েছেন, সন্ত্রাসীদের নির্মূল করতে চালানো রুশ বিমান অভিযান নিয়ে আলোচনা হয়েছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সম্পর্কে এক বিবৃতিতে জানিয়েছে, “বন্ধুত্বপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সহযোগিতা ব্যাপকভাবে বাড়াতে সম্মত হয়েছে দু’পক্ষ।”

সিরিয়া সরকারের অনুরোধে সাড়া দিয়ে ২০১৫ সালের ৩০ সেপ্টেম্বর থেকে দেশটিতে তৎপর দায়েশ’সহ অন্যান্য সন্ত্রাসী গোষ্ঠীর অবস্থানে বিমান হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার সহযোগিতায় সিরিয়ার সেনাবাহিনী সন্ত্রাস বিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে।

জেনেভোয় জাতিসংঘের মধ্যস্থতায় সিরিয়া বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরুর একদিন আগে মস্কোয় রুশ প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন সিরিয়ার প্রতিরক্ষামন্ত্রী।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ