৩০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সিটি কর্পোরেশন নির্বাচনে আসবে বিএনপি, আশা কৃষিমন্ত্রীর

বিএনপি সিটি কর্পোরেশন নির্বাচনে আসাবে বলে আশা প্রকাশ করেছেন কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাক। তিনি বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন আসন্ন। এতেও বিএনপি আসতে চায় না। কীসের এতো ভয়? এসে পরীক্ষা করেন, দেখেন সুষ্ঠু নির্বাচন হয় কিনা। আপনারা যোগ্য ব্যক্তিকে দিয়ে নির্বাচনে অংশগ্রহণ করুন। আমি বিশ্বাস করি বিএনপি তাদের ভুল বুঝতে পারবে। নির্বাচন খুব কাছাকাছি চলে এসেছে। আশা করি তারা নির্বাচনে আসবে।

বুধবার (১৯ এপ্রিল) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার হাওরের বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এখন কারান্তরীন। তার পক্ষে মির্জা ফখরুলেরা দেশে তাণ্ডবলীলা চালাতে চায়। তত্ত্বাবধায়ক সরকার বলে চিল্লাচিল্লি করতে করতে মুখে ফেনা তোলেন। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অযৌক্তিক আন্দোলনের নামে দেশে অরাজকতা করতে চায় বিএনপি।

সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার বলে কোনো সরকার নেই উল্লেখ করে আবদুর রাজ্জাক বলেন, আমরা পরিষ্কার করে বলে দিতে চাই এ সরকারের অধীনেই দেশে নির্বাচন বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাই ভোট দেবে, ভোটের মাধ্যমে জনগণ নির্ধারণ করবেন কারা দেশ পরিচালনা করবে। যদি জনগণ আপনাদের বেছে নেয়, তাদের রায়ের প্রতি সম্মান দেখিয়ে আমরা ঘরে ফিরে যাবো।

কৃষিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের যে কোনো সময়ের তুলনায় বর্তমান সরকার, শেখ হাসিনার নেতৃত্বে কৃষিতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। একটি অতিদরিদ্র দেশকে যোগ্য নেতৃত্বের মাধ্যমে বিশ্বদরবারে মাত্র ১৪ বছরে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশে উন্নিত করেছেন। আমরা তার নেতৃত্বে ও দিকনির্দেশনায় শুধু কাজ করে যাই।

কৃষকের কাছ থেকে ধান কেনার বিষয়ে মন্ত্রী বলেন, আগামী ২৩ এপ্রিল থেকে বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। এর আগেই হাওরের ধান কাটা শেষ করতে হবে। খুব দ্রুত সময়ের মধ্যে কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে ধান কেনা শুরু হবে। কৃষকরা যত ধান দিতে পারবেন আমরা তত ধান ক্রয় করবো।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ