মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে ঢাকা কেন্দ্রীয় কারাগারে দেখা করেছেন তার পরিবারের সদস্যরা।
বৃহস্পতিবার বেলা ১১ টা ২৫ মিনিটের দিকে পারিবারের ১৪ সদস্য কারাগারে প্রবেশ করেন। এর মধ্যে ছিলেন স্ত্রী ফরহাত কাদের চৌধুরী, ছেলে বজলুল কাদের ফাইয়াজ চৌধুরী ও হুম্মাম কাদেরচৌধুরী, মেয়ে ফারদিন কাদের চৌধুরী, ছেলের বৌ, মেয়ের জামাই ও বোন। কারাগারে পৌঁছানোর পর সিনিয়র জেলার নেছার আলম তাদের ভেতরে নিয়ে যান। সাক্ষাত শেষে দুপর দেড়টার দিকে ফিরে আসেন। তবে পরিবারের কোন সদস্য গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি।
এদিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের পরিবার বিকালে দেখা করতে যেতে পারেন। মুজাহিদের ছেলে আলী আহম্মেদ মাবরুর জানান, বাবার সঙ্গে দেখা করার জন্য পরিবারের ১২ সদস্যের একটি তালিকা দেওয়া হয়েছে। কারাকর্তৃপক্ষের অনুমতি পেলে বিকালের মধ্যে সাক্ষাত করবো।
























