‘সাবেক প্রধান বিচারপতি উচ্চ আদালতের কলঙ্ক’ মন্তব্য করে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, খায়রুল হক হচ্ছেন সেই ব্যক্তি যিনি সরকারের পক্ষে বিএনপির প্রতি বিরাগভাজন হয়েছেন। তাই তাকে দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি। তিনি হচ্ছেন ‘উচ্চ আদালতের কলঙ্ক’।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিতে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
রিজভী আরো বলেন, আমি বলব, আইনমন্ত্রী আইনের দৃষ্টিতে মিথ্যা বলছেন, অন্যায় কথা বলছেন। কারণ অবসরে গেলে একজন বিচারপতির শপথ থাকে না।
আদালত প্রাঙ্গণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না মন্তব্য করে রিজভী বলেন, শেখ হাসিনা আদালতকে প্রাইভেট সেক্টরে পরিণত করার চেষ্টা চালাচ্ছে। সকল মামলা আজ শাসক দলের ইচ্ছায় হচ্ছে।
এসময় ‘জাতির সঙ্গে বেইমানির জন্য’ সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে দ্রুত গ্রেফতারের দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বিএনপির চেয়ারপারসনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, উচ্চ আদালতের কলঙ্ক সাবেক বিচারপতি খায়রুল হক দেশের সকল রক্তপাত ও হানাহানির জন্য দায়ী। তার অপকর্মকে ঢাকার জন্যই খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়েছে। পাপ কখনো চাপা থাকে না। জনতার আদালতে পাপীদের বিচার হবেই।
বিএনপির কর্মসূচি সরকারকে স্বস্তিতে রাখে না উল্লেখ করে রিজভী বলেন, আজকের এই মানববন্ধনও বানচাল করার জন্য সরকার থেকে বিভিন্ন অপচেষ্টা করা হয়েছে। কারণ একটাই, দেশে বিরোধী দলের কোনো অধিকার নেই।
আয়োজক সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে মানববন্ধনে আরো বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রমুখ।
























