ট্রাক ও র‌্যাবের পিকআপ ভ্যানের সংঘর্ষে, নিহত ১ আহত ৭

ট্রাক ও র‌্যাবের পিকআপ ভ্যানের সংঘর্ষে ঘটনাস্থলেই একজন এক র‌্যাব সদস্য নিহত ও ৭ জন আহত হয়েছেন। ঢাকা-সিলেট মহাসড়কে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পুরিন্দা নামক স্থানে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে র‌্যাবের পিকআপ ভ্যানে (ঢাকা মেট্টো-ম-০২-২৪১১) নরসিংদীর দিকে যাওয়ার পথে আড়াইহাজারের পুরিন্দা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের (ঢাকা মেট্টো-ড-১১-১৮০২) মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে র‌্যাবের পিকআপ ভ্যানটি ধুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনা কবলিত ট্রাকটি মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। সংঘর্ষে ঘটনাস্থলেই র‌্যাব-১১ এর সার্জেন্ট মুনসুর আহমেদ ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

আহত হয়েছেন ডিএডি আব্দুল খান বাদল, বিজিবি সদস্য আজাহার, র‌্যাবের পিকআপ চালক সোহেল রানা, এসআই মাহফুজ, এএসআই নিজাম, কনস্টেবল রাসেল, আনসারের নায়েক জয়নাল। তাদের মধ্যে চালক সোহেল রানা ও জয়নালের অবস্থা আশঙ্কাজনক।

রূপগঞ্জ থানার এসআই আব্দুল বারেক জানান, দুর্ঘটনায় আহত র‌্যাব সদস্যদের প্রথমে রূপগঞ্জের ভুলতাস্থ আল রাফি ও মেমোরি হসপিটালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও সিএমইএচ হাসপাতালে প্রেরণ করা হয়।

এদিকে দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে এলাকাবাসী জড়ো হলে ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের উভয়দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। র‌্যাবের সিইও লে. কর্ণেল আনোয়ারুল লতিফ খান, আড়াইহাজার থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ