২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরা ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরার শ্যামনগরে জমি নিয়ে বিরোধের জেরে গফুর মোল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে আপন বড় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ১৮ মার্চ বুধবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা এ তথ্য জানান।

নিহতের নাম আব্দুস সাত্তার মোল্লা। তিনি উপজেলার ধুমঘাট চরাচকের ছবেদ মোল্লার ছেলে। আহতরা হলেন—আব্দুস সাত্তার মোল্লার ছোট ভাই রশিদ মোল্লা, রশিদ মোল্লার ছেলে এনামুল ও এনামুলের স্ত্রী আয়শা খাতুন। তারা শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

রশিদ মোল্লার জামাতা আনারুল ইসলাম জানান, তার শ্বশুররা তিন ভাই। এর মধ্যে আব্দুস সাত্তার মোল্লা ও রশিদ মোল্লার সঙ্গে গফুর মোল্লার জমি জায়গা নিয়ে বিরোধ ছিল। বুধবার সকালে এ নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয়। বিকালে গফুর মোল্লা বহিরাগত লোকজন ভাড়া করে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আব্দুস সাত্তার মোল্লা ও রশিদ মোল্লার ওপর হামলা চালায়। এতে চার জন আহত হন। তাদের তাৎক্ষণিকভাবে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় রাত ১০টার দিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আব্দুস সাত্তারের মৃত্যু হয়।

ওসি নাজমুল হুদা জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ