১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

সাতক্ষীরার অপহরণের পর কলেজছাত্রের লাশ উদ্ধার

অপহরণের দুই দিন পর সাতক্ষীরার চালতেতলা বাগানবাড়ি এলাকা থেকে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৩ জানুয়ারি বৃহস্পতিবার বিকালে অপহরণকারী জাহিদ হাসানের স্বীকারোক্তিতে লাশটি উদ্ধার করা হয়।
নিহতের নাম রাসুল আহমেদ জিম (২২)। তিনি খুলনার ফুলবাড়িগেট এলাকার শেখ হেমায়েত হোসেন হিমুর ছেলে। বর্তমানে তারা পুরাতন সাতক্ষীরা হাটেরমোড় এলাকায় মৃত আব্দুস সবুর গাজীর ভাড়া বাড়িতে বসবাস করেন। জিম সাতক্ষীরা সরকারি কলেজের অনার্স প্রথমবর্ষের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, গত ২১ জানুয়ারি সাতক্ষীরা শহর থেকে অপহরণ করা হয় জিমকে। এ ঘটনায় জিমের বাবা হেমায়েত হোসেন হিমু পরদিন শহরের মুনজিতপুর এলাকার আব্দুর রউফের ছেলে জাহিদ হাসানসহ অজ্ঞাত পরিচয় আরো ছয়-সাতজনকে আসামি করে সদর থানায় একটি অপহরণ মামলা করেন। এ মামলায় বৃহস্পতিবার ভোরে পুলিশ অপহরণকারী জাহিদ হাসানকে গ্রেপ্তার করে। এরপর জাহিদের স্বীকারোক্তি মোতাবেক বিকালে তার ভাড়াবাড়ি চালতেতলা বাগানবাড়ি এলাকার জনৈক লিটনের বাড়ি থেকে ওই কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়। তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক ক্ষতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে সদর হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ