সাগর-রুনীর খুনীদের সুষ্ঠু বিচার নিয়ে সংশয় জানিয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) নেতৃবৃন্দ। তারা খুনীদের চিহ্নিত করে তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে আগামী ১৫ মার্চ থেকে সাংবাদিকদের মধ্যে মাসব্যাপী গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচির ডাক দিয়েছেন।
ডিআরইউ সাগর-রুনী মিলনায়তনে এক সংবাদ সম্মেলন এ কর্মসূচি ঘোষণা করা হয়। সাংবাদিক দম্পতি সাগর-রুনী ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি নির্মমভাবে খুন হন। এই হত্যাকান্ডের বিচার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করতে গিয়ে আজ এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি জামালউদ্দিন ও সাধারণ সম্পাদক রাজু আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ।
নেতৃবৃন্দ অভিযোগ করেন, সাগর-রুনীর হত্যাকান্ডের বিচারের দাবিতে ডিআরইউ ঘোষিত এক মাসের আল্টিমেটাম গত ১০ মার্চ শেষ হয়েছে। কিন্তু এই সময়ের মধ্যে খুনীদের চিহ্নিত হওয়া দূরে থাক, ময়না তদন্তে কোনো রকম অগ্রগতির কথা জানাতে পারেনি সংশ্লিষ্টরা। এমনকি গত ২৮ ফেব্রুয়ারি আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের কথা থাকলেও তা করতে পারেনি তদন্তকারী সংস্থা। এ ভাবে সময়ের সঙ্গে সঙ্গে আলোচিত এই ঘটনার সুষ্ঠু বিচার নিয়ে সংশয় রয়েছে সাংবাদিকদের মধ্যে। আর এজন্য ডিআরইউ’র পক্ষ থেকে নতুন কর্মসূচি নেয়া হয়েছে বলে নেতৃবৃন্দ জানান।
এতে আরো বলা হয় যে, ডিআরইউ কার্যালয় এবং পর্যায়ক্রমে বিভিন্ন গণমাধ্যমের কার্যালয়ে সাংবাদিকদের স্বাক্ষর গ্রহণ করা হবে। পরবর্তীতে সংগৃহিত স্বাক্ষরসহ প্রধানমন্ত্রীর কাছে স্বারকলিপি দেয়া হবে। পাাশাপাশি নির্মম এই হত্যাকান্ডের বিচারের দাবিতে ডিআরইউর অন্যান্য কর্মসূচি অব্যাহত থাকবে।
























