সাকা চৌধুরী ও মুজাহিদের ফাঁসির রায় কার্যকর

আর্থনিউজ২৪: সকল জল্পনা কল্পনার অবসান, অবশেষে একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের একই মঞ্চে দুজনের ফাঁসি কার্যকর করা হয়। কারা কর্তৃপক্ষ সুত্রে জানা যায় শনিবার রাত ১২টা ৫৫ মিনিটে ফাঁসি কার্যকর করা হয়। আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এক ক্ষুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

রিভিউ আবেদন খারিজ হওয়ার পর অপেক্ষার পালা ছিল মহামাণ্য রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা প্রক্রিয়ার। ক্ষমা চাইবে নাকি চাইবেনা তা নিয়ে ছিল সংশয়। অবশেষে তারা উভয়ে ক্ষমা প্রর্থনা করেন বলে কারা কর্তৃপক্ষ অবিহিত করেন। পরে জামায়াত ইসলামির ওয়েবসাইটে এবং মুজাহিদের পুত্র তা নাকচ করে দেন।

কিন্তু এর কিছুক্ষণ পর মহামাণ্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষার আবেদন নিয়ে আইন সচিব বঙ্গভবনে যান। এরই মধ্যে দুই পরিবারের সদস্যদের কারা কর্তৃপক্ষ শেষ দেখা করার জন্য তলব করেন। ঐদিকে বঙ্গভবনে রাষ্ট্রপতি কর্তৃক আবেদন নাকচ হয়ে গেলে কারা কর্তৃপক্ষের নিকট আর কোন বাধা রইলনা ফাঁসি কার্যকর করতে।

এর আগে সাকা ও মুজাহিদের পরিবারের সদস্যরা কারাগারে তাদের সঙ্গে দেখা করেছেন। সাক্ষাৎ শেষে পরিবারগুলো কারাগার থেকে বের হওয়ার পর তাদের মেডিকেল চেকআপ করা হয়। এরপর মসজিদের ইমাম মনির হোসেন তাদের গোসল ও তওবা পড়ান।

এদিকে, শনিবার রাত সোয়া আটটায় কারা কর্তৃপক্ষ শেষ সাক্ষাতের জন্য ফোনে তাদের পরিবারের সদস্যদের ডেকে পাঠান। খবর পেয়ে রাত ৯টায় দুই পরিবারের সদস্যরা কারাগারে পৌছান।

ফাঁসি কার্যকর উপলক্ষে কারাগারে প্রবেশ করেন ম্যাজিস্ট্রেট তানভির আহমেদ ও মো. আশরাফ হোসেন। এর কিছুক্ষণ পর আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন এবং ঢাকা জেলা প্রশাসক কারাগারে প্রবেশ করেন। শনিবার রাত ১০টা ১০মিনিটে পৃথকভাবে তারা কারাগারে প্রবেশ করেন।

কারা সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সময় সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির, একজন ম্যাজিস্ট্রেট, জেলার নেসার আলম, আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, অতিরিক্ত আইজি প্রিজন কর্নেল ফজলুল কবির, ডেপুটি জেলার সর্বত্তোম দেওয়ান, একজন সিভিল সার্জন, একজন কারা চিকিৎসক, ঢাকার জেলা প্রশাসক, একজন ফটোগ্রাফার ও জল্লাদ ফাঁসির মঞ্চে উপস্হিত ছিলেন।

ফাসি কার্যকরের পর পরিবারের ইচ্ছা অনুযায়ী তাদের মরদেহ গ্রামের বাড়িতে দাফন করা হবে। শনিবার রাতে পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এদিকে, এদিন রাত ৯টার পর শহরের পশ্চিম খাবাসপুর মুজাহিদের বাড়ির মাওলানা মোহম্মদ আব্দুল বারী সড়কে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল বসানো হয়েছে। ফরিদপুর শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। এছাড়া র‌্যাব ও পুলিশের একাধিক টিম শহরে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে। যেকোনো নাশকতা ঠেকাতে পুলিশ প্রশাসনের তরফ থেকে সবধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এদিকে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর গ্রামের বাড়ি রাউজানেও পুলিশ মোতায়েন করা হয়েছে। সাকা চৌধুরীর বাড়ি এবং গোটা রাউজানে পুলিশ ও র‌্যাব সদস্যরা টহল দিচ্ছে।

সাকা চৌধুরীর প্রয়াত ভাই সাইফুদ্দিন কাদের চৌধুরীর কবরের পাশেই তাঁকে দাফন করা হবে বলে জানা গেছে।

মন্তব্য করুন

সর্বশেষ সংবাদ